images

স্পোর্টস / ফুটবল

ফুটবল বিশ্বকাপ দেখা নিয়ে সুখবর বাংলাদেশিদের, দেখা যাবে যেসব চ্যানেলে

স্পোর্টস ডেস্ক

০৫ জুন ২০২৬, ০৪:১৬ পিএম

ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের দর্শকদের জন্য এসেছে স্বস্তির খবর। দেশের তিনটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও থাকছে সুবিধা।

বাংলাদেশের ফুটবল অনুরাগীদের জন্য সুখবর হলো আসন্ন বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখতে পাবেন বিটিভি, টি স্পোর্টস এবং সময় টিভিতে। সময় টিভি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তাদের চ্যানেলেও খেলা সম্প্রচার করা হবে। এর ফলে দেশের শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের দর্শকরাও সহজেই খেলা উপভোগ করতে পারবেন।

বাংলাদেশে বিশ্বকাপ ঘিরে প্রতিবারই ব্যাপক উৎসাহ দেখা যায়। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো জনপ্রিয় দলগুলোর ম্যাচ দেখতে অনেকেই রাত জেগে থাকেন। এবার সম্প্রচার নিয়ে যে সামান্য অনিশ্চয়তা ছিল, তা দূর হয়ে গেছে। তিনটি চ্যানেলে সম্প্রচারের সিদ্ধান্ত দর্শকদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।

টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও থাকছে সুবিধা। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ-এ সরাসরি ম্যাচ দেখা যাবে। স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা স্মার্ট টিভি, যেকোনো ডিভাইস থেকে দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।

এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে, যার ফলে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০৪-এ। এতে উত্তেজনা ও প্রতিযোগিতা আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে।