স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৬, ০৩:১২ পিএম
পিঠের ইনজুরির কারণে গানার্স ডিফেন্ডার উইলিয়াম সালিবার বিশ্বকাপ যাত্রা নিয়ে ফরাসি মিডিয়ায় যে গুঞ্জন ছড়িয়েছিল, তা উড়িয়ে দিয়েছেন ফরাসি মাস্টারমাইন্ড দিদিয়ে দেশম। বুধবার (৩ জুন, ২০২৬) প্যারিসের বাইরে ফ্রান্সের প্রাক-টুর্নামেন্ট ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে দেশম নিশ্চিত করেছেন, সালিবা সম্পূর্ণ "ঠিক আছেন" এবং তাকে নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষ করেই মঙ্গলবার প্যারিসের ক্যাম্পে যোগ দিয়েছেন সালিবা। আজ বৃহস্পতিবার (৪ জুন) আইভরি কোস্টের বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে ফ্রান্স। তবে সালিবা সুস্থ থাকলেও বিশ্বকাপকে সামনে রেখে কোনো ধরণের ঝুঁকি নিতে চান না দেশম।
তিনি বলেন, "উইলিয়াম ভালো আছে এবং তাঁর ওয়ার্কলোড আমরা সতর্কতার সাথে ম্যানেজ করব। আজ যদি বাঁচা-মরার ম্যাচ হতো, তবে সে অবশ্যই খেলত। কিন্তু এখন আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ।" এই মেগা টুর্নামেন্টের পরেই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া দেশম জানান, স্কোয়াডের গভীরতা পরখ করতে আগামী সোমবার নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তিনি একাদশে ব্যাপক রদবদল (রোটেশন) করবেন।
শনিবার বুদাপেস্টে আর্সেনালকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট জেতা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) পাঁচজন তারকা ফরাসি স্কোয়াডে রয়েছেন, যার মধ্যে উসমান দেম্বেলে এবং দেজিরে দুয়ে অন্যতম। ফাইনালে খেলার ধকল সামলাতে এই খেলোয়াড়দের কন্ডিশন ও ফিটনেস বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশম স্পষ্ট করে দিয়েছেন যে, ফাইনালে যারা শুরু থেকে খেলেছেন, বিশ্বকাপের মূল মঞ্চের কথা মাথায় রেখে প্রীতি ম্যাচগুলোতে তাদের বাড়তি বিশ্রাম দেওয়া হবে।
রিয়াল মাদ্রিদের হয়ে ট্রফিশূন্য ও চরম নাটকীয় এক মৌসুম শেষ করার পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপের ফর্ম ও মানসিক অবস্থা নিয়ে ফুটবল মহলে কম আলোচনা হয়নি। লস ব্লাঙ্কোসদের জার্সিতে ২৫ গোল করে পিপিচি ট্রফি জিতলেও দুই মৌসুমে বড় কোনো ট্রফি না পাওয়া এবং মৌসুমের শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে ছুটিতে যাওয়ায় তার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্প্যানিশ সমালোচকরা। তবে জাতীয় দলের ক্যাম্পে এমবাপেকে একদম ভিন্ন রূপে দেখছেন দেশম।
অধিনায়কের প্রশংসা করে ফরাসি বস বলেন, "কিলিয়ান শারীরিক ও মানসিকভাবে দুর্দান্ত ফর্মে আছে। ক্লাব ফুটবলে কী ঘটেছে, তা ক্লাবেই রয়ে গেছে। জাতীয় দলে সে প্রথম দিন থেকেই অনুশীলনে নিজের শতভাগ উজাড় করে দিচ্ছে। এটি তার তৃতীয় বিশ্বকাপ হতে যাচ্ছে। অন্য অনেকের চেয়ে তার অভিজ্ঞতা অনেক বেশি এবং সে খুব ভালো করেই জানে বিশ্বকাপের মঞ্চ কতটা কঠিন ও মর্যাদার।" রাজনৈতিক অস্থিরতা আর মাঠের ভেতরের নতুন সব নিয়মের বেড়াজাল টপকে এমবাপের চওড়া কাঁধে ভর করেই এবার বিশ্বজয়ের নকশা সাজাচ্ছেন বিদায়ী কোচ দিদিয়ে দেশম।