images

স্পোর্টস / ফুটবল

মুখ ঢাকলেই লাল কার্ড, থ্রো-ইন ও গোল কিকে ৫ সেকেন্ডের ডেডলাইন

স্পোর্টস ডেস্ক

০৪ জুন ২০২৬, ০২:৩৩ পিএম

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। ফুটবলের রোমাঞ্চকর লড়াইয়ের উন্মাদনা আরও বাড়িয়ে দিতে এবার বিশ্বকাপ শুরুর আগে একগুচ্ছ পরিবর্তন নিয়ে এলো ফুটবলের নিয়মকানুন নির্ধারণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আনা এই নিয়মগুলো কেবল বিশ্বকাপের মঞ্চেই নয়, আগামী মৌসুম থেকে বিশ্বজুড়ের সমস্ত ঘরোয়া লিগেও বাধ্যতামূলকভাবে কার্যকর হতে যাচ্ছে। ফুটবলকে আরও গতিশীল করতে এবং বর্ণবাদ ও সময় নষ্ট করা রুখতে এই নিয়মগুলো বড় ভূমিকা রাখবে।

নতুন নিয়মগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ও কঠোর নিয়মটি হলো মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা। মাঠের ভেতর প্রতিপক্ষের কোনো খেলোয়াড়ের সাথে কোনো ধরণের উত্তপ্ত বাক্যবিনিময় বা বাদানুবাদের সময় কোনো ফুটবলার যদি হাত, বাহু কিংবা জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন, তবে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন। সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানি এবং রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যকার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে খেলোয়াড়রা মুখ লুকিয়ে বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্য করতে না পারেন। তবে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ আলাপচারিতার এর সময় মুখ ঢাকলে কোনো শাস্তি দেওয়া হবে না।

সময় নষ্টের দিন শেষ: ৫ সেকেন্ডের থ্রো-ইন ও ১০ সেকেন্ডের সাবস্টিটিউশন
ম্যাচের শেষ মুহূর্তে ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করার চিরচেনা কৌশল বন্ধ করতে এবার ঘড়ির কাঁটায় নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।

৫ সেকেন্ডের নিয়ম: রেফারি যদি মনে করেন কোনো খেলোয়াড় থ্রো-ইন বা গোল কিক নিতে অতিরিক্ত সময় নিচ্ছেন, তবে তিনি হাত তুলে ৫ সেকেন্ডের উল্টো গণনা শুরু করবেন। এই সময়ের মধ্যে বল মাঠে না পাঠালে পজিশন হাতবদল হয়ে যাবে। থ্রো-ইনের ক্ষেত্রে প্রতিপক্ষ থ্রো-ইন পাবে এবং গোল কিকের ক্ষেত্রে প্রতিপক্ষ সরাসরি কর্নার কিক পেয়ে যাবে!

১০ সেকেন্ডের সাবস্টিটিউশন: মাঠ থেকে তুলে নেওয়া খেলোয়াড়কে নিকটবর্তী সীমানা দিয়ে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে মাঠের বাইরে যেতে হবে। তা না হলে, নতুন যে খেলোয়াড় মাঠে নামবেন তাঁকে পরবর্তী খেলার বিরতি পর্যন্ত কমপক্ষে ১ মিনিট সাইডলাইনে অপেক্ষা করতে হবে, যার ফলে ওই ১ মিনিট দলকে ১০ জন নিয়ে খেলতে হবে।

ভিএআর এর পরিধি বৃদ্ধি ও ইনজুরি নাটক বন্ধ
এবারের সংশোধনীতে ভিএআর-এর ক্ষমতা অনেকটাই বাড়ানো হয়েছে। এখন থেকে ভুল কর্নার কিক (যদি খেলা শুরু হতে দেরি না হয়), ম্যাচ শুরুর আগের ফাউল, স্পষ্টতই ভুল কোনো দ্বিতীয় হলুদ কার্ডের কারণে হওয়া লাল কার্ড এবং ভুল খেলোয়াড়কে কার্ড দেওয়ার মতো ঘটনাগুলো রিভিউ করতে পারবে ভিএআর। এছাড়া মাঠের ভেতর কোনো ফুটবলার চিকিৎসা নিলে তাকে বাধ্যতামূলকভাবে ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে (গুরুতর আঘাত বা গোলরক্ষক ছাড়া)। 

একই সাথে গোলরক্ষকের ইনজুরির সময় অন্য খেলোয়াড়রা সাইডলাইনে গিয়ে কোচের কাছ থেকে কোনো ‘ট্যাকটিক্যাল’ পরামর্শ নিতে পারবেন না। কোনো সিদ্ধান্তের প্রতিবাদে দলবল নিয়ে মাঠ ছেড়ে চলে গেলে সরাসরি লাল কার্ড এবং ম্যাচ বাজেয়াপ্ত হওয়ার নিয়মও যুক্ত করা হয়েছে।

তীব্র গরমের জন্য ৩ মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ ও ফাইনালের মেগা কনসার্ট
উত্তর আমেরিকার চরম তাপমাত্রার কথা বিবেচনা করে বিশ্বকাপের প্রতিটি অর্ধে (২২তম মিনিটের দিকে) খেলোয়াড়দের জন্য ৩ মিনিটের বিশেষ ‘হাইড্রেশন ব্রেক’ বা পানিপানের বিরতি রাখা হবে। 

অন্যদিকে, ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা ফাইনালকে আরও আকর্ষণীয় করতে আমেরিকান ‘সুপার বোল’-এর আদলে একটি জমকালো কনসার্টের ঘোষণা দিয়েছে ফিফা। 

এই কনসার্টের কারণে ১৫ মিনিটের প্রথাগত হাফটাইম বিরতি দ্বিগুণ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলেও, ইভেন্ট পার্টনার ‘গ্লোবাল সিটিজেন’-এর সিইও হিউ ইভান্স আশ্বস্ত করেছেন যে, ফুটবলের ঐতিহ্যের প্রতি সম্মান রেখে এই শো-টি ১৫ মিনিটের চেয়ে অনেক কম সময়ের মধ্যেই শেষ করা হবে। মাঠের ভেতরের এই বৈপ্লবিক পরিবর্তনগুলো ফুটবলকে কতটা রোমাঞ্চকর করে তোলে, এখন সেটাই দেখার বিষয়।