স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৬, ০৫:২২ পিএম
কলকাতার একটি আইকনিক স্থান থেকে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির বিশাল ৭০ ফুট উঁচু সোনালি ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে প্রশাসন সোমবার (১ জুন) এই উদ্যোগ নেয়।
গত বছর ডিসেম্বরে মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল এই ভাস্কর্য। বিশ্বকাপ ট্রফি হাতে উদযাপনরত মেসির ভঙ্গিতে নির্মিত এই স্থাপনাটি দ্রুত শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। মেসি নিজেও অনলাইনে যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।
পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভাস্কর্যটি অপসারণ করা হয়। বর্তমানে এটি সরকারি গুদামে রাখা হয়েছে। পরে উপযুক্ত কোনো স্থানে পুনরায় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্মিত এই ভাস্কর্য নিয়ে সম্প্রতি বিতর্ক দেখা দেয়। নতুন ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রামাণিক এটিকে ‘দৃষ্টিকটু’ বলে মন্তব্য করেছিলেন। তার ওই বক্তব্যের কয়েকদিনের মধ্যেই নিরাপত্তার যুক্তিতে ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।