স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
বিশ্বকাপের মঞ্চে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেওয়ার আগে এক অনন্য আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। পরিবারের ছোট সদস্যদের হৃদয়স্পর্শী বার্তায় চোখের জল ধরে রাখতে পারেননি অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ।
জনপ্রিয় ইতালীয় টেলিভিশন অনুষ্ঠান ‘দোমিঙ্গাঁও’-এ অতিথি হয়ে এসেছিলেন আনচেলত্তি। সেখানে বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে খোলাখুলি কথা বলছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই অনুষ্ঠানের উপস্থাপক একটি বিশেষ ভিডিও চালিয়ে দেন।
ভিডিওতে ছিল আনচেলত্তির নাতি-নাতনিদের আগে ধারণ করা বার্তা। প্রিয় দাদুর জন্য তাদের শুভকামনা আর অপার ভালোবাসা দেখে আবেগে ভেঙে পড়েন কোচ। চোখে জল চলে আসে, কিছুক্ষণ নিজেকে সামলাতে কষ্ট হয় তাঁর।
এক নাতি বলে, 'দাদু, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আশা করি তুমি বিশ্বকাপ জিতবে। ফ্রান্স আর স্পেনকেও হারাবে বলে আমরা বিশ্বাস করি।' আরেকজনের সরল বার্তা ছিল, 'বিশ্বকাপে অনেক শুভকামনা দাদু। আমরা তোমাকে খুব ভালোবাসি।'
সবচেয়ে ছোট নাতি-নাতনির কথাগুলো ছিল সবচেয়ে মর্মস্পর্শী। সে বলেছে, 'দাদু, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি মাঠে গিয়ে বিশ্বকাপটা জিতে নিয়ে এসো!'
দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ইউরোপের প্রায় সব বড় ট্রফি জিতেছেন আনচেলত্তি। কিন্তু বিশ্বকাপ এখনও তার কাছে অধরা। ব্রাজিলের দায়িত্ব নিয়ে এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছেন তিনি। নাতি-নাতনিদের এমন অকপট সমর্থন দেখে ব্রাজিল সমর্থকদের প্রত্যাশাও এখন আকাশছোঁয়া।