স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৬, ১১:৩৫ এএম
আইপিএলের ফাইনালে ছিল না রাজস্থান রয়্যালস। শিরোপা জয়ের লড়াই থেকেও ছিটকে গিয়েছিল দলটি। কিন্তু পুরো টুর্নামেন্টজুড়ে এমন ব্যাটিং ঝড় তুলেছেন কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী, যে ফাইনালের রাতেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের ইতিহাসে বিরল এক কীর্তি গড়ে এক আসরের প্রায় সব বড় ব্যক্তিগত পুরস্কার নিজের করে নিয়েছেন এই ভারতীয় বিস্ময়বালক।
আহমেদাবাদের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিরোপা জিতলেও পুরস্কার বিতরণী মঞ্চে বারবার উচ্চারিত হয়েছে বৈভব সূর্যবংশীর নাম। কারণ ব্যাট হাতে তিনি কাটিয়েছেন রেকর্ডভাঙা এক মৌসুম।
রাজস্থান রয়্যালসের এই বাঁহাতি ওপেনার ১৬ ইনিংসে ৭৭৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ৪৮.৫০ গড়ের সঙ্গে তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৩৭.৩০। এর সুবাদে তিনি জিতেছেন অরেঞ্জ ক্যাপ এবং ১০ লাখ রুপি পুরস্কার।
শুধু রানেই নয়, ছক্কার বৃষ্টিতেও ছিলেন সবার ওপরে। পুরো মৌসুমে ৭২টি ছক্কা হাঁকিয়ে আইপিএলের এক আসরে সর্বাধিক ছক্কার নতুন রেকর্ড গড়েছেন বৈভব। সেই কৃতিত্বের জন্যও পেয়েছেন বিশেষ ট্রফি ও নগদ অর্থ।
এর পাশাপাশি সর্বোচ্চ স্ট্রাইক রেটের জন্য ‘সুপার স্ট্রাইকার’ পুরস্কার এবং টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়ে আরও সম্মান অর্জন করেন তিনি। একই সঙ্গে ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’ পুরস্কারও জেতেন এই কিশোর তারকা।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একই মৌসুমে ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’ এবং ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার একসঙ্গে জয়ের নজির গড়েছেন বৈভব।
পুরস্কার হাতে নেওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে বৈভব বলেন, এতগুলো সম্মান পাওয়া অবশ্যই গর্বের বিষয়। তবে মাঠে ব্যাট করার চেয়ে সাক্ষাৎকার দেওয়া কখনও কখনও বেশি চ্যালেঞ্জিং মনে হয়। আগামী মৌসুমেও একই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এই মৌসুম থেকে পাওয়া শিক্ষার কথা বলতে গিয়ে বৈভব জানান, চাপের মুহূর্তে নিজেকে সামলে রাখা এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের ধরন বদলানোই ছিল তার সবচেয়ে বড় অর্জন। পাশাপাশি দীর্ঘ সময় ক্রিকেট খেলতে হলে ফিটনেস ও ইনজুরি ব্যবস্থাপনার গুরুত্বও তিনি উপলব্ধি করেছেন।
মাত্র ১৫ বছর বয়সেই বৈভব সূর্যবংশীর এই অসাধারণ সাফল্য ভারতীয় ক্রিকেটে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। শিরোপা না জিতলেও আইপিএল ২০২৬ মৌসুমের সবচেয়ে উজ্জ্বল নাম হয়ে থাকলেন তিনি।