স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৬, ০২:০৫ পিএম
চোটের কারণে নেইমার জুনিয়রকে বাদ দিয়েই পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের শুরুর একাদশ সাজিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে ব্রাজিল শিবিরে নেইমারের ফেরার ব্যাপারে এখনও রয়েছে স্পষ্ট আশাবাদ।
শনিবার (৩০ মে) রিও ডি জেনিরোর কাছে তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণা করেন আনচেলত্তি। একইসঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে, চোটের কারণে এই ম্যাচে নেইমারকে রাখা হয়নি।
রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় মারাকানা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে সেলেসাওরা। বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে এটিই ব্রাজিলের ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচ।
কোচ জানিয়েছেন, নেইমারের চোট নিয়ে উদ্বেগ নেই। কোচিং স্টাফের বিশ্বাস, বিশ্বকাপের শুরু থেকেই তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যাবে। মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে কিংবা তার পরের ম্যাচে নেইমার মাঠে নামতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
আনচেলত্তি আরও জানান, বর্তমান ২৬ সদস্যের স্কোয়াডে এখন কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। বিশ্বকাপের জন্য নির্বাচিত খেলোয়াড়দের নিয়েই তিনি এগোতে চান।
তিনি বলেন, 'এই ম্যাচটি আমাদের সমর্থক এবং মারাকানা স্টেডিয়ামকে বিদায় জানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।'
শনিবার সকালে গ্রাঞ্জা কোমারিতে দলের শেষ অনুশীলন শেষ করে বিকেলে রিও ডি জেনিরোর উদ্দেশে রওনা দেয় ব্রাজিল দল। প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আনচেলত্তি বলেছেন, 'প্রতিদিনই ভালো যাচ্ছে। পরিশ্রমী ও পেশাদার খেলোয়াড়দের নিয়ে কাজ করতে পেরে আমি খুশি। প্রস্তুতি এখন পর্যন্ত ভালো।'
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: আলিসন বেকার
ডিফেন্ডার: ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা, অ্যালেক্স সান্দ্রো
মিডফিল্ডার: কাসেমিরো, ব্রুনো গুইমারেস
ফরোয়ার্ড: লুইজ হেনরিক, ম্যাথিউস কুনিয়া, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র