images

স্পোর্টস / ফুটবল

পিএসজির চ্যাম্পিয়নস লিগ উদযাপনে সহিংসতা, আটক ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক

৩১ মে ২০২৬, ১১:৪৬ এএম

বুদাপেস্টের মাঠে পিএসজির চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের আনন্দ যখন ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ার কথা, তখন প্যারিসের রাস্তায় নেমে এলো সহিংসতার কালো ছায়া। বিজয়ের উল্লাস দাঙ্গায় রূপ নিল, ভাঙচুর আর সংঘর্ষে রাতভর উত্তাল হয়ে উঠল শহর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, আতশবাজি, ফ্লেয়ার আর যানবাহনে আগুন; উদযাপনের রাত হয়ে উঠল ভয়ের রাত।

প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া সহিংসতায় দেশজুড়ে ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শুধু প্যারিসেই আটক হয়েছেন ২৮৩ জন।  

গত বছরও পিএসজির জয়ের পর সহিংসতা দেখা দেওয়ায় এবার কর্তৃপক্ষ সতর্ক ছিল। ফাইনাল উপলক্ষে ফ্রান্সজুড়ে ২২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়, যার মধ্যে প্যারিসেই ছিলেন ৮ হাজার। তারপরও সহিংসতা আটকানো যায়নি।  

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে সাতজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ছয়টি যানবাহন ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যারিসের বিখ্যাত শঁজেলিজে অ্যাভিনিউয়ে প্রায় ২০ হাজার সমর্থক জড়ো হন। সেখানে ফ্লেয়ার জ্বালানো হয় এবং পেরিফেরিক মহাসড়কে ঢুকে যান চলাচল বন্ধ করে দেয়া হয় কিছু সময়ের জন্য। একটি বাসস্টপও ভাঙচুর করা হয়।  

নিরাপত্তার কারণে ট্রাম চলাচল বন্ধ রাখা হয়, কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ এবং কিছু এলাকায় বাস চলাচল স্থগিত করা হয়। পুলিশ আগেই ২৪টি ফ্লেয়ার ও প্রায় ১০০টি আতশবাজি জব্দ করে।  

পার্ক দে প্রাঁস স্টেডিয়ামের কাছেও উত্তেজনা ছড়ায়। সেখানে একটি বেকারি ও রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৫০ জন সমর্থক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের প্রতিহত করে। আতশবাজি নিক্ষেপের জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।  

একই সন্ধ্যায় প্যারিসে আয়া নাকামুরার কনসার্ট, র‍্যাপার দামসোর অনুষ্ঠান এবং ফ্রেঞ্চ ওপেন টেনিসও চলছিল।  

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এই সহিংসতাকে “একেবারেই অগ্রহণযোগ্য” বলে নিন্দা করেছেন। কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লে পেন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “শুধু ফ্রান্সেই একটি ফুটবল ক্লাবের জয় উদযাপন দাঙ্গায় পরিণত হয়। বিজয়ের রাতেও মানুষকে ঘরে আশ্রয় নিতে হয়।”

সুত্র-এএফপি, লা মোঁদ, ফ্রান্স ২৪