স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৬, ১১:৩৮ এএম
সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে জয়ের আনন্দের চেয়ে হতাশা অনেক বেশি। ৮০ শতাংশ বল দখলে রেখেও একের পর এক সুযোগ নষ্ট আর রক্ষণের বারবার ফাঁকফোকর, এই পারফরম্যান্স নিয়ে চিন্তিত শিবির। এখন সামনে আরও কঠিন পরীক্ষা। আজ গোয়ায় স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার সরাসরি স্বীকার করেছেন, মালদ্বীপের বিপক্ষে সুযোগগুলো কাজে লাগাতে পারেননি দল। বিশেষ করে উইঙ্গার ঋতুপর্ণা মজুমদারের দিনটা একেবারেই ভালো যায়নি। তবে তিনি সতর্ক করে বলেন, ভারত সম্পূর্ণ আলাদা মানের দল।
“আমরা জানি খুব শক্তিশালী একটা প্রতিপক্ষের সামনে যাচ্ছি। গত ম্যাচের ভিডিও বিশ্লেষণ করে সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি,” বলেন বাটলার।
বুকে ব্যথার কারণে মালদ্বীপ ম্যাচ মিস করা ডিফেন্ডার শিউলি আজিম ও মিডফিল্ডার মনিকা চাকমা ফিরছেন ভারত ম্যাচের দলে। রক্ষণের দুর্বলতা নিয়ে শিউলি বলেন, “কোচ কাজ করছেন। আশা করি পরের ম্যাচে যেসব ভুল হয়েছে, সেগুলো শুধরে ভালো খেলতে পারব।”
কোচ বাটলারের আশা, সঠিক পরিকল্পনা মাঠে ঠিকঠাক কার্যকর করতে পারলে ভারতকে হারানো কঠিন হবে না। তিনি বলেন, “প্রতিপক্ষকে বোঝা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা।”
সেমিফাইনালে ভুটান নাকি নেপাল কোন দলের সঙ্গে খেলতে চান? এমন প্রশ্নে একেবারে নির্লিপ্ত বাটলার। তিনি বলেন, “কোনো বিশেষ পছন্দ নেই। টুর্নামেন্ট জিততে হলে যেকোনো দলের সঙ্গেই খেলতে হবে।”
আগের দুই সাফে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু এবারের ভারত দল অনেক বেশি গোছানো এবং উন্নত, সেটা শিউলি আজিমও স্বীকার করেছেন। তাই পুরনো রেকর্ড নয়, মাঠের বর্তমান পারফরম্যান্সই ঠিক করবে ফলাফল।