images

স্পোর্টস / ক্রিকেট

মাইলফলক ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

৩১ মে ২০২৬, ১২:৫৯ এএম

হাজারতম ওয়ানডে ম্যাচকে স্মরণীয় করে রাখল পাকিস্তান। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

শনিবার (৩০ মে) সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং বেছে নেয় পাকিস্তান। নির্ধারিত ওভার খেলতে না পেরে ৪৪.১ ওভারে ২০০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ৪২.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৬১ রান করেন ম্যাট রেনশ, আর ৫৫ রান আসে ম্যাথিউ শর্টের ব্যাট থেকে। পাকিস্তানের বোলিং আক্রমণের মূল নায়ক ছিলেন অভিষিক্ত আরাফাত মিনহাস। ওয়ানডে অভিষেকেই ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েন ২১ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। পাকিস্তানি বোলারদের মধ্যে অভিষেকে এটি প্রথম পাঁচ উইকেট শিকারের রেকর্ড। এছাড়া ২ উইকেট নেন লেগ স্পিনার আবরার আহমেদ।

রান তাড়ায় শুরুতে ৪৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে অভিজ্ঞ বাবর আজম ও গাজি ঘুরি তৃতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। বাবর ৬৯ রানে এবং ঘুরি ৬৫ রানে আউট হন; দুজনকেই ফিরিয়ে দেন নাথান এলিস। শেষদিকে দ্রুত তিনটি উইকেট হারালেও ৪২.৩ ওভারে জয় নিশ্চিত করে পাকিস্তান।

ম্যাচসেরা হন অভিষিক্ত আরাফাত মিনহাস। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২ জুন।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৪৪.১ ওভারে ২০০ (রেনশ ৬১, শর্ট ৫৫; মিনহাস ৫/৩২) পাকিস্তান: ৪২.৩ ওভারে ২০২/৫ (বাবর ৬৯, ঘুরি ৬৫; এলিস ২/৪৫) ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী ম্যাচসেরা: আরাফাত মিনহাস