স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৬, ০৮:০৩ পিএম
ফুটবলপ্রেমীদের হৃদয়ে এখন শুধুই একটাই উত্তেজনা ফিফা বিশ্বকাপ ২০২৬। গুনে গুনে আর মাত্র কয়েকটা দিন পরই শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় উৎসব। তবে আর্জেন্টিনার সমর্থকদের জন্য অপেক্ষাটা একটু বেশি লম্বা। লিওনেল মেসির নেতৃত্বে চ্যাম্পিয়নরা মাঠে নামার আগে ধৈর্য ধরতে হবে আরও কয়েকদিন।
আগামী ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপের ২০২৬ আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এরপর ধারাবাহিকভাবে চলবে আরও ম্যাচ। আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন। অর্থাৎ বিশ্বকাপ শুরুর ৬ দিন পর।
জে গ্রুপে থাকা আর্জেন্টিনার গ্রুপপর্বের সব ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) শুরু হবে খেলা।
গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচের সময়সূচি ২২ জুন রাত ১১টা: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া। ২৮ জুন সকাল ৮টা আর্জেন্টিনা বনাম জর্ডান। গ্রুপপর্ব পার করে গেলে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে রাউন্ড অব ৩২-এ খেলবে আর্জেন্টিনা।
বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে মেসিরা দুটি প্রীতি ম্যাচও খেলবেন। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে।
বৃহস্পতিবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন। প্রীতি ম্যাচের জন্য আরও ৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।