images

স্পোর্টস / ফুটবল

যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ, মেক্সিকোর উদারতায় ইরানের স্বস্তি

স্পোর্টস ডেস্ক

২৬ মে ২০২৬, ০১:৪৭ পিএম

ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্র যখন ইরানের জাতীয় ফুটবল দলকে পুরো বিশ্বকাপ চলাকালীন নিজ দেশে অবস্থান করতে দিতে রাজি হয়নি, তখন প্রতিবেশী মেক্সিকো এক মানবিক ও ক্রীড়াসুলভ উদার সিদ্ধান্ত নিয়ে সবার দৃষ্টি কেড়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম সোমবার সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, ইরানি দলকে টুর্নামেন্টের সময় মেক্সিকোয় বেসক্যাম্প করার অনুমতি দেওয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, 'ইরানের ফুটবল দলকে মেক্সিকোয় থাকার সুযোগ না দেওয়ার কোনো যৌক্তিক কারণ আমাদের নেই।' ফিফার অনুরোধে মেক্সিকো এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। 

ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ গত শনিবার জানিয়েছিলেন, দলের বেসক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসন থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায় নেওয়া হচ্ছে। ফিফা এই পরিবর্তন ইতোমধ্যে অনুমোদন করেছে। টিজুয়ানায় অবস্থান করে ইরানি খেলোয়াড়রা ম্যাচের জন্য যুক্তরাষ্ট্রে যাতায়াত করবেন।

ইরানের গ্রুপ ম্যাচের সূচি (গ্রুপ জি) ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে। ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে। গ্রুপের শেষ ম্যাচ ২৬ জুন মিসরের বিপক্ষে সিয়াটলে। 

২০২৬ ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠিত হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকেই ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এরপর ভিসা ও নিরাপত্তা ইস্যুতে বেসক্যাম্প সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসিডেন্ট শিনবাউমের এই সিদ্ধান্তকে অনেকে ফুটবলের স্পিরিট এবং আন্তর্জাতিক সৌহার্দ্যের উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন। হোয়াইট হাউস এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।