images

স্পোর্টস / ফুটবল

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

২৬ মে ২০২৬, ১২:৫৭ পিএম

আসন্ন ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আর্জেন্টিনা দলে চোটের উদ্বেগ ক্রমশ বাড়ছে। একের পর এক খেলোয়াড়ের ফিটনেস সমস্যায় পড়ায় কোচ লিওনেল স্কালোনির কোচিং স্টাফ এখন বেশ চিন্তিত।

সর্বশেষ খবর অনুসারে, অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনা চোটে পড়েছেন। ৩৪ বছর বয়সী এই লেফট ব্যাক রিভার প্লেটের হয়ে বেলগ্রানোর বিপক্ষে ম্যাচে শুরু করেছিলেন। কিন্তু খেলার এক পর্যায়ে ডান হ্যামস্ট্রিংয়ে তীব্র অস্বস্তি অনুভব করায় তাকে দ্রুত মাঠের বাইরে নিয়ে আসা হয়। একই জায়গায় আগেও তার ফিটনেস সমস্যা ছিল, যা এবার উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। তবে চোট কতটা গুরুতর, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এর আগে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আঙুলের চোট নিয়ে ভুগছিলেন। লিওনেল মেসি ক্লান্তির কারণে এক ম্যাচে মাঠ ছাড়তে বাধ্য হন। এছাড়া ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও গনজালো মন্টিয়েলের শারীরিক অবস্থাও নজরদারিতে রাখা হচ্ছে।

ফিফার নিয়মে ১ জুনের মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। তবে আর্জেন্টিনা হয়তো তার আগেই দল ঘোষণা করবে। সূত্রগুলো বলছে, মে মাসের শেষ সপ্তাহেই স্কোয়াড প্রকাশ করা হতে পারে।

ইনজুরি পরিস্থিতি বিবেচনায় কোচিং স্টাফ এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে। প্রস্তুতি ক্যাম্পে অতিরিক্ত খেলোয়াড়দের রাখার পরিকল্পনা করা হচ্ছে, যাতে শেষ মুহূর্তে কেউ চোটে পড়লে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া যায়।