স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৬, ১১:৪৭ এএম
দশ বছরের অবিস্মরণীয় সাফল্যের পর ম্যানচেস্টার সিটির ডাগআউট ছেড়ে চলে যাচ্ছেন পেপ গার্দিওলা। নিজের শেষ ম্যাচে হারের কষ্টেও ইতিহাদ স্টেডিয়াম কেঁদেছে তাঁর জন্য। খেলোয়াড়, সমর্থক আর কোচিং স্টাফ সবাই মিলে এক অবিস্মরণীয় আবেগঘন বিদায় অনুষ্ঠান হয়ে গেল। এর মধ্য দিয়ে ইংলিশ ফুটবলে সিটির আধিপত্যের এক ঐতিহাসিক অধ্যায়ের পর্দা নামল।
রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে নিজের শেষ ম্যাচে ডাগআউটে বেশ শান্ত দেখাচ্ছিল গার্দিওলাকে। কিন্তু ৫৯ মিনিটে অধিনায়ক বের্নার্দো সিলভাকে যখন মাঠ থেকে তুলে নেওয়া হলো, তখন আর আবেগ চেপে রাখতে পারলেন না এই স্প্যানিশ কোচ। সিলভা মাঠ ছাড়ার সময় দুই দলের খেলোয়াড়রা তাকে সম্মান জানান। সেই মুহূর্তে গার্দিওলার চোখও ছিল অশ্রুসিক্ত।
টাচলাইনে দাঁড়িয়ে প্রিমিয়ার লিগের দুই কিংবদন্তি একে অপরকে জড়িয়ে ধরেন। কেভিন ডি ব্রুইন, সার্জিও আগুয়েরো ও ইয়াইয়া তুরের মতো তারকাদের পাশাপাশি এই ছবিও এখন ইতিহাদের করিডোরে স্থায়ীভাবে স্থান পাবে।
সাদা টি-শার্ট দিয়ে চোখের পানি মুছে শেষ ম্যাচে জয়ের চেষ্টা করেছিলেন গার্দিওলা। কিন্তু ইউরোপা লিগ জয়ের পর আত্মবিশ্বাসী অ্যাস্টন ভিলার কাছে সিটিকে হারতে হয়। তবে ম্যাচ শেষের বাঁশি বাজতেই হারের দুঃখ ছাপিয়ে পুরো স্টেডিয়ামে ছড়িয়ে পড়ে শুধুই আবেগ।
৫৫ বছর বয়সী কোচ বলেন, 'এই অধ্যায়টি সবসময় আমার সঙ্গে থাকবে।' তিনি আরও যোগ করেন, 'বের্নার্দো আজ খুব আবেগপ্রবণ ছিল। আবেগ লুকানোর দরকার নেই। আমি সাধারণত কাঁদি না, কিন্তু অন্য কাউকে কাঁদতে দেখলে আমারও কান্না পায়।'
স্টেডিয়ামের বাইরে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। গার্দিওলার ছবি সম্বলিত পতাকা ও স্কার্ফ বিক্রি হচ্ছিল। অনেকে শুধু তাঁকে শেষবারের মতো স্টেডিয়ামে ঢুকতে দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন।
গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি এফএ কাপ এবং পাঁচটি লিগ কাপ জিতেছে। ক্লাবের ইতিহাসে এর আগে কখনো এমন সাফল্য আসেনি। স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানইউ ও বব পেইসলির লিভারপুলের পর এত বড় আধিপত্য খুব কম দলই দেখিয়েছে।
ম্যাচের আগে পূর্ব গ্যালারিতে বিশাল ব্যানার উড়ানো হয়- ‘পেপের সঙ্গে ১০ বছর: গেম চেঞ্জার, হিস্ট্রি মেকার, সিটি ফরএভার’। ইতিহাদের উত্তর স্ট্যান্ড এখন থেকে ‘পেপ গার্দিওলা স্ট্যান্ড’ নামে পরিচিত হবে।
অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি গার্দিওলাকে ফুটবলের 'একমাত্র প্রতিভা' বলে অভিহিত করেন এবং তাঁকে স্মারক উপহার দেন।
মাঠে বিদায়ী বক্তব্য দেওয়ার সময় গার্দিওলার গলা ভারী হয়ে আসে। সমর্থকরা তাঁর নামে স্লোগান দেন। তিনি পুরো মাঠ ঘুরে টানেল দিয়ে বেরিয়ে যান।
তিনি বলেন, 'শিরোপার কথা ভুলে যান, স্মৃতিগুলোই আসল। এখানকার সবাই অসাধারণ। জীবন অনেকগুলো অধ্যায় নিয়ে। আমাদের সময়টা ছিল অসাধারণ। যদি শক্তি থাকত, তাহলে এখানেই থেকে যেতাম।'
গার্দিওলার সম্ভাব্য উত্তরসূরি এনজো মারেসকার সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে। সাবেক স্ট্রাইকার ক্রিস সাটন বলেন, 'সিটির ভক্তদের ধৈর্য ধরতে হবে। পেপের অভাব পূরণ করা সহজ কাজ নয়।'
গার্দিওলা নিজে উত্তরসূরিকে পরামর্শ দিয়ে বলেন, 'তাদের নিজেদের মতো থাকতে হবে। নিজস্বতা বজায় রাখলে সবকিছু ঠিক হয়ে যাবে।'
শুধু গার্দিওলা নন, এ গ্রীষ্মে বের্নার্দো সিলভা ও জন স্টোনসও ক্লাব ছাড়ছেন। সিলভা ৪৬০ ম্যাচ খেলে ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি খেলোয়াড় হয়ে থাকলেন। গুন্দোগান ও এদেরসনসহ কোচিং স্টাফের অনেকেও বিদায় নিচ্ছেন।