স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৬, ১১:১৮ এএম
বিশ্বকাপের ডামাডোল শুরুর ঠিক আগে লিওনেল মেসিকে নিয়ে আবারও শঙ্কার মেঘ জমেছে আর্জেন্টিনা শিবিরে। মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে খেলতে নেমে বাঁ উরুতে অস্বস্তি অনুভব করে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সোমবার ভোরে (বাংলাদেশ সময়) ঘরের মাঠে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপের আগে মিয়ামির শেষ লিগ ম্যাচ। নাটকীয় এক লড়াইয়ে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৬-৪ গোলে জয় পায় ইন্টার মিয়ামি। কিন্তু গোলের উৎসব ছাপিয়ে সব আলোচনা চলে এসেছে মেসির শারীরিক অবস্থায়।
ম্যাচের ৭০তম মিনিটে ফ্রি-কিক নেওয়ার পরই বাঁ উরুর ওপরের অংশে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করেন মেসি। এরপর থেকে তাঁকে স্বাভাবিক গতিতে দৌড়াতে দেখা যায়নি। ৭৩তম মিনিটে নিজেই বদলির ইশারা করেন এবং মাঠ ছাড়েন। মাঠ ছেড়ে ডাগআউটে না বসে সরাসরি ড্রেসিংরুমে চলে যান তিনি, যা আর্জেন্টিনার সমর্থকদের মনে নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আর মাত্র তিন সপ্তাহ বাকি। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা মেসি ১৪ ম্যাচে ১২ গোল ও ৮ অ্যাসিস্ট করে লিগের সেরা অবদানকারীদের তালিকায় শীর্ষে রয়েছেন। তবে এই ছোটখাটো সমস্যা তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছে। আর্জেন্টিনা এখনো স্কোয়াড ঘোষণা করেনি এবং মেসিও নিজে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ খেলার বিষয়টি নিশ্চিত করেননি।
তবে স্বস্তির খবরও আছে। ম্যাচের পর ইন্টার মিয়ামির ভারপ্রাপ্ত কোচ গিয়ের্মো ওশো জানিয়েছেন, এটি গুরুতর চোটের চেয়ে ক্লান্তিজনিত সমস্যা হতে পারে। তিনি বলেন, 'এখনো কোনো আনুষ্ঠানিক রিপোর্ট পাইনি। তবে আমার যতটুকু জানা, সে খুব ক্লান্ত ছিল। ভারী মাঠের কারণেও হয়তো এমন হয়েছে। ঝুঁকি না নিয়ে তুলে নেওয়াই ভালো সিদ্ধান্ত ছিল।'
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। এখন সবার নজর থাকবে মেসির ফিটনেসের দিকে।