স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৬, ১০:৫৩ এএম
জার্মান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও বায়ার্ন মিউনিখের রাজত্ব। শনিবার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত জার্মান কাপের (ডিএফবি পোকাল) ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভিএফবি স্টুটগার্টকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। আর বায়ার্নের এই রাজকীয় জয়ের নায়ক ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন ফরোয়ার্ড হ্যারি কেইন, যার দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে দীর্ঘ ছয় বছর পর বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা তাদের অধরা ঘরোয়া ডাবল (লিগ ও কাপ শিরোপা) নিশ্চিত করল।
চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হেরে বায়ার্নের ঐতিহাসিক ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে চূর্ণ হয়েছিল। সেই হতাশা কাটিয়ে কাপ ফাইনালের প্রথমার্ধে স্টুটগার্টের আক্রমণের মুখে কিছুটা রক্ষণাত্মক খেললেও দ্বিতীয়ার্থেই চেনা ছন্দে ফেরে বায়ার্ন।
ম্যাচের ৫৫তম মিনিটে মাইকেল অলিসের বাড়ানো এক নিখুঁত ক্রস থেকে চমৎকার হেডে গোল করে বায়ার্নকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন কেইন, যিনি এই নিয়ে টানা তিন মরশুম বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়লেন। এর কিছুক্ষণ পরেই গ্যালারিতে দুই দলের উগ্র সমর্থকদের আতশবাজির ধোঁয়ায় স্টেডিয়ামের ছাদ ঢেকে গেলে কিছুক্ষণের জন্য খেলা স্থগিত থাকে।
ম্যাচের ৭৬তম মিনিটে স্টুটগার্টের ক্রিস ফুহরিচ হেডের সাহায্যে প্রায় গোল করেই ফেলেছিলেন, কিন্তু বায়ার্নের রক্ষণভাগ তা প্রতিহত করে। এর ঠিক চার মিনিট পর অর্থাৎ ৮০তম মিনিটে কেইন তাঁর ক্যারিয়ার-সেরা এক গোল করে স্টুটগার্টের কামব্যাকের আশা শেষ করে দেন। কেইনের একটি জোরালো শট প্রথমে বারে লেগে ফিরে এলে বক্সে থাকা লুইস দিয়াজ বলটি আবার কেইনের দিকে পাস করেন।
কেইন অত্যন্ত দ্রুততার সাথে ঘুরে একজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিচু শটে স্টুটগার্ট গোলরক্ষক আলেকজান্ডার নুবেলকে পরাস্ত করেন। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ৩২ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকার।
আগামী মাসে শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে হ্যারি কেইনের এই বিধ্বংসী ফর্ম নিশ্চিতভাবেই ইংল্যান্ড শিবিরের স্বস্তি বাড়িয়ে দেবে। বায়ার্নের হয়ে এই মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে অবিশ্বাস্য ৬১টি গোল করলেন এই স্ট্রাইকার। একই সাথে ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে জার্মান কাপের প্রতিটা রাউন্ডের ম্যাচে গোল করার এক অনন্য নজির স্থাপন করলেন কেইন। এই রাজকীয় হ্যাটট্রিক ও ডাবল জয় নিশ্চিত করে এক পরম তৃপ্তি নিয়েই বায়ার্ন মিউনিখ তাদের মরশুম শেষ করল।