images

স্পোর্টস / ক্রিকেট

ম্যাচ চলাকালীন মাঠে ঢুকতে পারবেন কোচ

স্পোর্টস ডেস্ক

২৩ মে ২০২৬, ০৪:৫৪ পিএম

ক্রিকেট খেলাকে আরও আধুনিক, গতিশীল এবং কৌশলগতভাবে আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ নিয়মে বড় ধরণের পরিবর্তনের কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির প্রস্তাবিত এই নতুন সংশোধনীগুলোর মধ্যে সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে ম্যাচ চলাকালীন ড্রিংকস ব্রেকের সময় দলের প্রধান কোচদের সরাসরি খেলার মাঠে প্রবেশের অনুমতি দেওয়া।

ক্রিকেটের বর্তমান নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন ড্রিংকস ব্রেকের সময় শুধুমাত্র একাদশের বাইরে থাকা অতিরিক্ত বা বিকল্প (সাবস্টিটিউট) খেলোয়াড়রাই মাঠে পানীয় নিয়ে প্রবেশ করতে পারেন। নতুন নিয়ম পাস হলে বিকল্প খেলোয়াড়দের পাশাপাশি প্রধান কোচ নিজেও সরাসরি মাঠে ঢুকে খেলোয়াড়দের সাথে স্ট্র্যাটেজি বা কৌশল নিয়ে আলোচনা করতে পারবেন। 

তবে এই নিয়মের সাথে একটি মজার আইনি জটিলতাও তৈরি হয়েছে। আইসিসি-র বিদ্যমান নিয়মে বলা আছে, "মাঠে পানীয় নিয়ে যাওয়া যেকোনো খেলোয়াড়কে অবশ্যই ক্রিকেটীয় পোশাকে (দলের জার্সি-ট্রাউজার) থাকতে হবে।" এখন কোচ মাঠে ঢুকলে তাকে দলের অফিশিয়াল জার্সি পরতে হবে কি না, তা এখনও স্পষ্ট করেনি আইসিসি। 

ওয়ানডে ক্রিকেটে প্রতি ইনিংসে ৭০ মিনিটের ব্যবধানে দুটি ড্রিংকস ব্রেক থাকে, ফলে এই নিয়ম কার্যকর হলে ওয়ানডে ম্যাচে কোচেরা মাঠের ভেতরেই দুইবার রণকৌশল সাজানোর সুযোগ পাবেন।

কোচদের মাঠে প্রবেশের পাশাপাশি ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টির সময় আরও কমিয়ে আনতে চাইছে আইসিসি। এর অংশ হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দুই ইনিংসের মধ্যবর্তী বিরতির সময় কমিয়ে মাত্র ১৫ মিনিট করার পরিকল্পনা করা হচ্ছে।

এছাড়া বোলারদের বোলিং অ্যাকশন নিয়ে মাঠের আম্পায়ারদের সংশয় দূর করতে এক যুগান্তকারী প্রযুক্তিগত পরিবর্তনের কথা ভাবছে আইসিসি। ম্যাচ চলাকালীন কোনো বোলারের বোলিং অ্যাকশন বা হাত ঘোরানোর ভঙ্গি বৈধ কি না, তা মাঠের আম্পায়াররা যাতে তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেন, সেজন্য লাইভ ম্যাচে বিখ্যাত ‘হক-আই’ প্রযুক্তি যুক্ত করার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে ক্রিকেট প্রশাসন।