images

স্পোর্টস / ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী কোচ হলেন ক্যারিক

স্পোর্টস ডেস্ক

২৩ মে ২০২৬, ১১:১৪ এএম

ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার বিদায়ের ঘোষণার পর ওল্ড ট্রাফোর্ডে এক নতুন ও স্থায়ী যুগের সূচনা হলো। গত জানুয়ারিতে রুবেন আমোরিমের তিক্ত বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের খোলনলচে বদলে দেওয়া মাইকেল ক্যারিককে এবার বড় পুরষ্কার দিল ক্লাব কর্তৃপক্ষ। 

শুক্রবার (২২ মে, ২০২৬) ৪৪ বছর বয়সী এই সাবেক ইউনাইটেড অধিনায়ককে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের নতুন চুক্তিতে ক্লাবের স্থায়ী প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে রেড ডেভিলরা। স্থায়ী দায়িত্ব পেয়েই ক্যারিক হুঙ্কার ছেড়েছেন, ম্যানচেস্টার সিটির দাপট ভেঙে ইউনাইটেডকে আবারও ট্রফি জয়ের প্রধান দাবিদার বানাতে চান তিনি।

আমোরিম চলে যাওয়ার পর ক্যারিকের হাত ধরে ওল্ড ট্রাফোর্ডে এক নাটকীয় ও অবিশ্বাস্য উত্থান দেখেছে ফুটবল বিশ্ব। গত রবিবার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে ৩-২ ব্যবধানে হারিয়ে টেবিলের তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইউনাইটেড। এটি ছিল ক্যারিকের অধীনে ১৬ ম্যাচে দলের ১১তম জয়। শুধু তাই নয়, লিগের খেলা তিন ম্যাচ বাকি থাকতেই দলের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে ড্রেসিংরুম ও সমর্থকদের মন জয় করে নেন ফার্গুসন যুগের এই মিডফিল্ড সেনানি।

খেলোয়াড় হিসেবে স্যার অ্যালেক্স ফার্গুসনের স্বর্ণযুগে ৫টি প্রিমিয়ার লিগ এবং ১টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্যারিকের সামনে এবার অনন্য এক ইতিহাস গড়ার সুযোগ। প্রিমিয়ার লিগের ইতিহাসে খেলোয়াড় এবং কোচ- উভয় ভূমিকাতেই শিরোপা জেতা প্রথম ব্যক্তি হওয়ার কৃতিত্ব গড়তে পারেন তিনি। এই প্রসঙ্গে ক্যারিক বলেন, "আমি এই চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত। ওল্ড ট্রাফোর্ডের প্রতিটি কোণায় একটা ম্যাজিক আছে। 

চ্যাম্পিয়ন্স লিগে ফেরা বা তৃতীয় হওয়াটা কেবল শুরু, আমাদের মূল লক্ষ্য এই ক্লাবকে আবার তার পুরোনো রাজকীয় জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া।" ক্লাবটির সহ-স্বত্বাধিকারী 'ইনিওস' গ্রুপ মূলত ২০২৮ সালে ক্লাবের ১৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবেই ক্যারিকের কাঁধে ২০২৮ পর্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব সঁপেছে।

দলের ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্স ক্যারিকের কোচিং দর্শনের ভূয়সী প্রশংসা করে বলেছেন, "খেলোয়াড়দের সাথে মাইকেলের বন্ডিং বা বন্ধন অসাধারণ। ক্যারিরিংটন ট্রেনিং গ্রাউন্ড এবং ড্রেসিংরুমে ও যে উইনিং কালচার (জয়ের সংস্কৃতি) তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয়।" গত রবিবার ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে সমর্থকদের যে একতা ও উল্লাস দেখা গেছে, সেই ভালোবাসার প্রতিদান হিসেবে দ্রুতই ক্লাবকে প্রিমিয়ার লিগের ট্রফি উপহার দিতে চান নতুন এই স্থায়ী মাস্টারমাইন্ড।