স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৬, ০৪:৫৭ পিএম
একটি হতাশাজনক ও ট্রফিশূন্য মৌসুম পার করার পর রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আলভারো আরবেলোয়া। শুক্রবার (২২ মে, ২০২৬) এক সংবাদ সম্মেলনে আরবেলোয়া নিজেই নিশ্চিত করেছেন যে, আগামী মরশুমে সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটে তিনি আর থাকছেন না। গত জানুয়ারিতে শাবি আলোনসোর বিদায়ের পর জরুরি ভিত্তিতে দল সামলানোর দায়িত্ব পেয়েছিলেন সাবেক এই রিয়াল ডিফেন্ডার। তবে রিয়ালে তার অধ্যায় দীর্ঘ হলো না, কারণ স্প্যানিশ সংবাদমাধ্যমের জোরালো খবর, ক্লাবের ডাগআউটে আবারও ফিরছেন 'স্পেশাল ওয়ান' হোসে মরিনহো।
সংবাদ সম্মেলনে আরবেলোয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, রিয়ালের নতুন কোচ হিসেবে হোসে মরিনহো দায়িত্ব নিলে তিনি তার সহকারী বা টেকনিক্যাল স্টাফ হিসেবে ক্লাবে থেকে যাবেন কি না। এই প্রস্তাব সরাসরি নাকচ করে আরবেলোয়া বলেন, "মরিনহোর নিজস্ব একটি চমৎকার এবং বিশ্বস্ত টেকনিক্যাল টিম রয়েছে। তিনি মাদ্রিদে ফিরলে তার নিজের দল নিয়েই আসবেন। তাই আমার তার সাথে কাজ করার কোনো সম্ভাবনা নেই। আগামী সোমবার থেকে আমি আমার নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবব।"
২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ সামলানো আরবেলোয়া খেলোয়াড়ি জীবন শেষে ক্লাবের যুব দলের কোচ হিসেবেও সফলভাবে কাজ করেছেন। দীর্ঘ ২০ বছর ধরে খেলোয়াড় ও কোচ হিসেবে বিভিন্ন ভূমিকায় রিয়ালের সাথে যুক্ত থাকা আরবেলোয়া এটিকে নিজের ঘর উল্লেখ করে বলেন, "আমি আশা করি এটি চিরতরে বিদায় নয়, বরং 'আবার দেখা হবে' বা সাময়িক বিরতি। এটি এই মরশুমে রিয়ালের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ হলেও, জীবনের শেষ ম্যাচ কি না তা আমি জানি না। রিয়ালের ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না।"
আগামী শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার শেষ ম্যাচ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটি জিতেই ঘরের মাঠের দর্শকদের সামনে নিজের রিয়াল অধ্যায়ের ইতি টানতে চান এই স্প্যানিশ কোচ। আরবেলোয়ার বিদায়ের পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কখন আনুষ্ঠানিকভাবে হোসে মরিনহোর নাম ঘোষণা করেন, এখন সেটাই দেখার বিষয়।