স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৬, ০৭:০৯ পিএম
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর দলের বড় সাফল্যের পর সাধারণত বোনাস দিয়ে থাকে ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পরও ক্রিকেটারদের বোনাস পাওয়ার কথা ছিল। তবে বোনাসের বদলে বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে অন্য কিছু বিষয়ে দাবি জানিয়েছেন টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের পর টাইগারদের বোনাস দিতে প্রস্তুত ছিল ক্রিকেট বোর্ড। তবে বোনাসের বদলে তামিমের কাছে কিছু সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। সেই সুবিধাগুলো হল- ভালো মানের জিমনেশিয়াম আর সুইমিংপুল।
আজ বৃৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, 'ক্রিকেটাররা বলেছে, বোনাস আমাদের দরকার নেই আপনি যদি সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে জিম এবং সুইংপুলটা করে দেন এটা বোনাস হিসেবে কাউন্ট করে নেব। ক্রিকেটারদের বলেছি পৃথিবীর সেরা সেরা যন্ত্রপাতি দিয়ে জিম আর অত্যাধুনিক সুইমিংপুল করে দেব।'
বিসিবি বোনাস দিতে প্রস্তুত ছিল জানিয়ে তামিম বলেন, 'আমরা রেডি ছিলাম, বোনাস দেওয়া লাগলে দিতাম, এটা ওদের প্রাপ্য। ওরা শুধু নিজেদের কথা ভাবেনি। এই সুবিধা ওদের ছোট ভাইদেরও কাজে লাগবে।'
তিনি আরও বলেন, 'এবার একটু ইউনিক জিনিস হয়েছে। প্লেয়ারদের তরফ থেকে একটা জিনিস এসেছে আমি যেটাতে খুব খুশি হয়েছি। বলেছে ভাইয়া আমাদের বোনাস দরকার নাই, আমাদের সেরা সুযোগ-সুবিধা দিয়ে যদি জিম আর সুইমিং পুল করে দেন আমরা এটাকে বোনাস হিসেবে গণ্য করব।'