images

স্পোর্টস / ফুটবল

‘সমালোচকরা এখন আর হাসছে না’

স্পোর্টস ডেস্ক

২০ মে ২০২৬, ০৭:৪৫ পিএম

উত্তর লন্ডনে অবশেষে থামল দীর্ঘ ২২ বছরের ট্রফি খরা! থিয়েরি অঁরির সেই ২০০৪ সালের 'ইনভিন্সিবলস' মৌসুমের পর এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের রাজমুকুট ফিরে এলো এমিরেটস স্টেডিয়ামে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের মাঠে ১-১ গোলে ড্র করতেই রোববারের শেষ ম্যাচের আগেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় মিকেল আরতেতার আর্সেনালের। আর এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে ক্লাবের ঘরের ছেলে বুকায়ো সাকা সমালোচকদের উদ্দেশ্যে এক কড়া ও আবেগী বার্তা দিয়েছেন।

টানা তিন মৌসুমে সিটির পেছনে রানার্স-আপ হয়ে শেষ করা আর্সেনালকে গত ১৯ এপ্রিল সিটির কাছে ২-১ গোলে হারার পর ফুটবল বিশ্ব ও বোদ্ধারা নিষ্ঠুরভাবে "বটলার্স" বা চাপের মুখে ভেঙে পড়া দল বলে উপহাস করেছিলেন। কিন্তু আরতেতার দল সেখান থেকে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ায়। সিটি যখন পয়েন্ট হারায়, গানার্সরা তখন টানা চার ম্যাচ জিতে নেয় একটি গোলও হজম না করে।

লন্ডন কোলনির ট্রেনিং গ্রাউন্ডে যখন ম্যান সিটির ড্রয়ের খবর আসে, তখন খেলোয়াড়দের উল্লাসের মাঝেই সাকা হুঙ্কার দিয়ে বলেন, "দীর্ঘ ২২ বছর ধরে আমাদের নিয়ে কত হাসি-ঠাট্টা আর উপহাস হয়েছে। আজ তারা আর হাসছে না!" অন্যদিকে শ্যাম্পেনের বোতল হাতে তরুণ হেইল এন্ড গ্র্যাজুয়েট মাইলেস লুইস-স্কেলি চমৎকার এক শব্দচাতুর্যে খোঁচা দিয়ে বলেন, "ওরা আমাদের বলেছিল 'বটলার্স', আর আজ চ্যাম্পিয়নের বোতলটা আমাদেরই হাতে।"

২০১৯ সালে এক ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আর্সেনালের দায়িত্ব নিয়েছিলেন মিকেল আরতেতা। ক্লাবের মানসিকতা বদলাতে তিনি কোলনির ড্রেসিংরুমে একটি সম্পূর্ণ অন্ধকার ও ব্ল্যাক-আউট করা প্রিমিয়ার লিগ ট্রফির রেপ্লিকা রেখেছিলেন, যার নিয়ম ছিল আর্সেনাল যেদিন চ্যাম্পিয়ন হবে কেবল সেদিনই এর লাইট জ্বলবে।

ট্রফি জয়ের রাতে সাকা চিৎকার করে সতীর্থদের বলেন, "ওটার আলো এবার জ্বালিয়ে দাও, ওটা এবার উজ্জ্বল হয়ে জ্বলবে!" এই জয়ের মাধ্যমে আরতেতা ফুটবল ইতিহাসের সেই এলিট ক্লাবে যোগ দিলেন, যারা খেলোয়াড় ও ম্যানেজার- উভয় হিসেবেই লিগ জিতেছেন।