স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৬, ০৩:২৪ পিএম
চলতি আইপিএল ২০২৬-এ ব্যাট হাতে বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ক্রিকেটের মহাতারকাদের ভিড়ে এই কিশোর ওপেনার যেভাবে বিশ্বের দ্রুততম বোলারদের মাঠের বাইরে পাঠাচ্ছেন, তা দেখে চোখ কপালে উঠেছে ক্রিকেট বিশ্বের। এবার বৈভবের ভক্তের তালিকায় যোগ দিলেন লখনউ সুপার জায়ান্টসের অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার।
লখনউয়ের দেওয়া ২২০ রানের পাহাড় টপকাতে বৈভবের ৩৮ বলে ৯৩ রানের অতিমানবীয় ইনিংস দেখে ল্যাঙ্গার সাফ জানিয়ে দিলেন, এই ছেলে যখন পুরোপুরি ব্যাটিং করা শিখে যাবে, তখন বিশ্ব ক্রিকেটের বোলারদের কপালে বড় দুঃখ আছে!
জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে লখনউয়ের বোলারদের তুলোধুনো করে ৭ উইকেটের জয় ছিনিয়ে নেয় রাজস্থান। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে নিজের ৩৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা টেনে ল্যাঙ্গার বলেন, "আমি জীবনে অনেক গ্রেট খেলোয়াড় দেখেছি, কিন্তু এত ছোট একটা ছেলের এমন বিধ্বংসী ব্যাটিং আগে কখনো দেখিনি। মিচেল স্টার্ক কিংবা আনরিখ নরকিয়ার মতো বোলারদের ও যেভাবে অবলীলায় ছক্কা মারছিল, তা স্রেফ শ্বাসরুদ্ধকর। ওদের মুখের চেহারাই বলে দিচ্ছিল বৈভব কতটা ভয়ঙ্কর!"
নিজের দ্বিতীয় আইপিএল মৌসুমেই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে এই মুহূর্তে ‘অরেঞ্জ ক্যাপ’ মাথায় জড়িয়েছেন বৈভব সূর্যবংশী। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাঁর স্ট্রাইক রেট নিয়ে- ২৩৬.৩২! পুরো মৌসুমে বৈভব ইতোমধ্যে ৫৩টি ছক্কা হাঁকিয়েছেন, যার মধ্যে ১০টিই মেরেছেন লখনউয়ের বিপক্ষে। ২০১২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ক্রিস গেইলের গড়া এক মরশুমে সর্বোচ্চ ৫৯টি ছক্কার সেই ঐতিহাসিক রেকর্ডের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছেন বৈভব। রাজস্থানের হাতে এখনও একটি ম্যাচ বাকি থাকায় গেইলকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এই ভারতীয় বামহাতির সামনে।
বৈভবের এমন অবিশ্বাস্য ফর্ম দেখে দেশের ক্রিকেটপ্রেমী ও বিশ্লেষকরা তাকে এখনই ভারতের মূল জাতীয় দলে নেওয়ার দাবি তুললেও, প্রধান নির্বাচক অজিত আগারকার এই তরুণকে নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে নারাজ। গত মঙ্গলবার আগারকার বলেন, "বৈভব এক বিরল প্রতিভা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা তাকে নিয়ে দারুণ রোমাঞ্চিত। তবে এখনই মূল দলে নেওয়ার বাড়তি চাপ আমরা তার ওপর দিতে চাই না। তাকে ভারতের 'এ' দলে রাখা হয়েছে যাতে ও বড় মঞ্চের জন্য নিজেকে আরও পরিপক্ব করতে পারে।" ল্যাঙ্গারের মতে, বিভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার কৌশল রপ্ত করতে পারলে আগামী দিনে বোলারদের জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে উঠবেন এই রাজস্থান রয়্যালস মহাতারকা।