images

স্পোর্টস / ক্রিকেট

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারতকে টপকে ৫ নম্বরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২০ মে ২০২৬, ১২:১৬ পিএম

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত সিরিজ জয়ের মাধ্যমে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল টাইগাররা। এর আগে পাকিস্তানের মাটিতে তাদের ধবলধোলাই করেছিল টাইগাররা। মিরপুরে ১০৪ রানের জয়ের পর সিলেটেও ৭৮ রানে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয় শুধু সিরিজ জয় নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও টাইগারদের অবস্থান অনেক উন্নত করেছে।

সিরিজ শুরুর আগে তালিকার আট নম্বরে থাকা বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের পর উঠে আসে ষষ্ঠ স্থানে। আর দ্বিতীয় টেস্ট জিতে তারা পাকিস্তানের পাশাপাশি ভারতকেও পেছনে ফেলে চলে গেছে পঞ্চম স্থানে। কোচ ফিল সিমন্সের শিষ্যরা এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরা অবস্থানে পৌঁছেছে।

আরও পড়ুন-  ‘আর্জেন্টিনাকে ভয় পাওয়ার কিছু নেই’

আরও পড়ুন-এক আত্মঘাতী গোল যেভাবে কেড়ে নিয়েছিল জীবন

২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটিতে জয়, একটিতে হার এবং একটি ড্র হয়েছে। ফলে তাদের পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৫৮.৩৩। অন্যদিকে ভারত ৯ ম্যাচ খেলে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নেমে গেছে। ভারত চার জয়, চার হার এবং এক ড্র নিয়ে পিছিয়ে পড়েছে।

বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। এরপর নিউজিল্যান্ড ৭৭.৭৮ শতাংশ নিয়ে দ্বিতীয়, দক্ষিণ আফ্রিকা ৭৫ শতাংশ নিয়ে তৃতীয় এবং শ্রীলঙ্কা ৬৬.৬৭ শতাংশ নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে। এর পরেই বাংলাদেশের অবস্থান।