images

স্পোর্টস / ফুটবল

‘আর্জেন্টিনাকে ভয় পাওয়ার কিছু নেই’

স্পোর্টস ডেস্ক

২০ মে ২০২৬, ০৯:৩৪ এএম

দীর্ঘ ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া। এবারের আসরে তাদের গ্রুপটি বেশ চ্যালেঞ্জিং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আলজেরিয়া ও নবাগত জর্ডানের সঙ্গে পড়েছে ইউরোপের এই দলটি। কিন্তু কঠিন প্রতিপক্ষ দেখে মোটেও দমে যাচ্ছেন না অস্ট্রিয়ান স্ট্রাইকার সাসা কালাইচিচ। ২৮ বছর বয়সী এই ফুটবলারের কণ্ঠে শোনা যাচ্ছে আত্মবিশ্বাস আর দলীয় ঐক্যের সুর।

কালাইচিচ বলেন, 'আমার মতে, আর্জেন্টিনা বা কোনো প্রতিপক্ষকে ভয় পাওয়া উচিত নয়। বিশেষ করে এই দল নিয়ে তো নয়ই। আমাদের দলে কিছু অবিশ্বাস্য ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর মেধাবী খেলোয়াড় আছে; কিন্তু একতা, দলীয় চেতনা, দৃঢ়তা ও তাড়নাই আমাদের সবচেয়ে বড় শক্তি।'

তিনি আরও যোগ করেন, 'ছেলেরা বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্স করে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপে এসেছে। সারা দেশ এখন উচ্ছ্বাসে ভাসছে। অস্ট্রিয়ার হয়ে খেলতে পেরে প্রত্যেক খেলোয়াড়ই গর্বিত।'

সোমবার কোচ রালফ রাংনিক ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন, যেখানে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডেভিড আলাবা ও অস্ট্রিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মার্কো আর্নাউতোভিচের মতো অভিজ্ঞ মুখ রয়েছেন। গ্রুপ পর্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রিয়া।

১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে অস্ট্রিয়া। তিন দশকের দীর্ঘ বিরতি শেষে কোচ রাংনিকের অধীনে এবার দলটি মঞ্চে ফিরছে বেশ কয়েকজন ইউরোপের শীর্ষ ক্লাবের খেলোয়াড়কে নিয়ে।

কালাইচিচের মতে, অস্ট্রিয়া সবসময় আক্রমণাত্মক ফুটবল খেলে। দলে এমন খেলোয়াড় আছে যারা মাঠে তীব্রতা ও পূর্ণ নিবেদন দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। 'আমরা খেলোয়াড়, কোচ, স্টাফ ও সমর্থক মিলে একটা ঘনিষ্ঠ পরিবার। পুরো দেশ এখন একসূত্রে গাঁথা,' বলেন তিনি।