Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

৩৩৬ রানে পিছিয়ে লাঞ্চে পাকিস্তান, বাংলাদেশের চাই ৮ উইকেট

স্পোর্টস ডেস্ক

১৯ মে ২০২৬, ১২:১৬ পিএম

সিলেট টেস্ট জিততে হলে পাকিস্তানকে করতে হবে বিশ্বরেকর্ড রান তাড়া। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য নিয়ে খেলতে নেমে চতুর্থ দিন সকালে ভালো শুরুর আভাস দিয়েছিলেন দুই ওপেনার। তবে সকালের সেশনে দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দিয়ে স্বাগতিকরা নিজেদের আধিপত্য ধরে রেখেছে। কিন্তু শান মাসুদ ও বাবর আজমের ব্যাটে পাকিস্তানও লড়াইয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০১ রান। ফলে জেতার জন্য এখনও দরকার ৩৩৬ রান। অপরদিকে বাংলাদেশের চাই ৮ উইকেট। অধিনায়ক শান মাসুদ ৪১ ও বাবর আজম ২৪ রানে অপরাজিত আছেন। 

টেস্টের চতুর্থ দিনের খেলায় প্রথম উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন নাহিদ রানা। প্রথম চেঞ্জ বোলার হিসেবে এসে মাত্র দ্বিতীয় ওভারেই (ইনিংসের ১১তম ওভার) ফিরিয়ে দিলেন আব্দুল্লাহ ফজলকে।

নাহিদের করা অফ স্টাম্পের বাইরের শর্ট বলটি ফজল লম্বা হয়ে খেলার চেষ্টা করেন। বলটি একটু বেশি উঠে এসে ব্যাটের উপরের অংশে লেগে গালিতে থাকা মেহেদী হাসান মিরাজের হাতে জমে যায়। দারুণ ক্যাচ ধরেন মিরাজ। আম্পায়ারের সিদ্ধান্তে সন্দেহ থাকায় পাকিস্তান রিভিউ নেয়, কিন্তু আউট নিশ্চিত হয়। ফজল করেন মাত্র ৬ রান।

এই উইকেট পতনের পর পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৭ রানে ১ উইকেট। এই ওপেনারের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক শান মাসুদ। নাহিদ রানার বলে আব্দুল্লাহ ফজল আউট হওয়ার পর আজান আওয়াইসও ফেরেন দ্রুত। মেহেদি হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন তিনি দলীয় ৪১ রানে। দুই চারে ৪৯ বলে ২১ রান করেন আজান।

তৃতীয় উইকেটে অধিনায়ক শান মাসুদের সঙ্গে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার অভিজ্ঞ বাবর আজম। মাসুদ ওয়ানডে মেজাজেই খেলছেন। আর তাকে সঙ্গ দিচ্ছেন বাবর আজম।