images

স্পোর্টস / ক্রিকেট

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে ১৫৬ রানে

স্পোর্টস ডেস্ক

১৭ মে ২০২৬, ০৫:৩৮ পিএম

বোলারদের নৈপুণ্যে প্রথম ইনিংসে লিড নেওয়ার পর মাহমুদুল হাসান জয়ের ফিফটির সুবাদে ভালো অবস্থানে দ্বিতীয় দিনের খেলা শেষ করার অবস্থায় ছিল বাংলাদেশ। কিন্তু অন্তিম মুহূর্তে মুমিনুল হকের বিদায়ে তা আর হয়নি।

রোববার সিলেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ১৫৬ রানে এগিয়ে আছে বাংলাদেশ। স্বাগতিকরা দিনের খেলা শেষ করে ৩ উইকেটে ১১০ রানে। চা বিরতির পর ২৩২ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় পাকিস্তান।

৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের চতুর্থ ওভারে খুররাম শেহজাদের বলে স্লিপে ক্যাচ দিয়ে তানজিদ হাসান তামিম (৪) সাজঘরের পথ দেখলে ভাঙে ১৫ রানের উদ্বোধনী জুটি। তবে মুমিনুলকে নিয়ে জয়ের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে আর চাপে পড়তে হয়নি স্বাগতিকদের।

আগের তিন ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ ডানহাতি এই ওপেনার দারুণ সব শটে ১০ চারে ৫৮ ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন। কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হন তিনি। মোহাম্মদ আব্বাসকে ফ্লিক করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্যক্তিগত ৫২ রানে। তার বিদায়ে ভাঙে ৭৬ রানের জুটিটি।

এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে কোনো বিপদ ছাড়াই দিনের খেলা শেষ করার পথে ছিলেন মুমিনুল। কিন্তু দিনের ২ বল বাকি থাকতে ৩০ রান করা বাঁহাতি এই ব্যাটার কট বিহাইন্ড হলে তা আর হয়নি। সেখানেই দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। শান্ত ১৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

এর আগে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিনের খেলা শুরু করা পাকিস্তানের বাবর আজম ছাড়া কেউই ইনিংস বড় করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে ৯ নম্বরে নামা সাজিদ খানের ব্যাট থেকে। তার ৪ ছক্কা ও ২ চারের ইনিংসে প্রথম ইনিংসের ব্যবধান পঞ্চাশের নিচে নামাতে পারে সফরকারীরা। এই দুই ব্যাটারকেই ফেরান নাহিদ রানা।