স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৬, ০৪:৫৩ পিএম
কোচ হিসেবে পুনরায় রিয়াল মাদ্রিদে ফেরার বিষয়ে এবার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জোসে মরিনিয়ো। পর্তুগিজ ক্লাব বেনফিকার এই কোচ জানিয়েছেন, তার এজেন্ট স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে তার দাবি, মাদ্রিদের ক্লাবটি থেকে তিনি এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি।
৬৩ বছর বয়সী মরিনিয়োর অধীনে পর্তুগিজ প্রিমেইরা লিগায় বেনফিকা অপরাজিত থেকে মৌসুম শেষ করলেও তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। ৩৪ ম্যাচে ২৩ জয় ও ১১ ড্রয়ে ৮০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে থেকে আসর শেষ করেছে তারা। চ্যাম্পিয়ন হওয়া পোর্তোর পয়েন্ট ৮৮, তারা হেরেছে দুটিতে।
স্প্যানিশ ও পর্তুগিজ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিয়ালের বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে সবার আগে আছেন মরিনিয়ো। এর আগে সান্তিয়াগো বের্নাবেউয়ে তিন বছরের মেয়াদে একটি লা লিগা এবং একটি কোপা দেল রের শিরোপা জিতেছিলেন এই পর্তুগিজ কোচ। বর্তমানে বেনফিকার সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত তার চুক্তি আছে। তিনি জানিয়েছেন, পর্তুগিজ ক্লাবটি ইতিমধ্যে তার চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে।
শনিবার সাংবাদিকদের নিজের ভবিষ্যৎ নিয়ে মরিনিয়ো বলেন, “এই সপ্তাহেই আমার ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত। আমার কাছে বেনফিকার চুক্তি নবায়নের প্রস্তাব আছে, তবে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। একই সঙ্গে, সেখানে যে কিছুই হচ্ছে না তা বলাও ভুল হবে।”
“পর্দার আড়ালে কিছু একটা অবশ্যই চলছে, তবে তা সরাসরি আমার সঙ্গে নয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কিছুটা সময় ও মানসিক স্বস্তি প্রয়োজন এবং আমি মনে করি এই সপ্তাহটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।” সেভিয়ার বিপক্ষে লা লিগা ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে রিয়ালের বর্তমান কোচ আরবেলোয়া ক্লাবে মরিনিয়োর সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানান। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত মরিনিয়ো যখন রিয়ালের দায়িত্বে ছিলেন, আরবেলোয়া তখন তার অধীনে খেলতেন।
মরিনিয়ো তার দীর্ঘ ও সফল কোচিং ক্যারিয়ারে এর আগে চেলসি, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটনাম হটস্পারের মতো বড় দলগুলোর দায়িত্বে ছিলেন। কোচ হিসেবে হিসেবে পোর্তো ও ইন্টার মিলামের হয়ে ক্যারিয়ারে দুইবার চ্যাম্পিয়নস লিগ শিরোপাও উঁচিয়ে ধরেছেন তিনি।