স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৬, ১১:২৬ এএম
প্রিমিয়ার লিগের হতাশাজনক মৌসুম শেষ করা চেলসি অবশেষে নতুন দিশা পেতে চলেছে। স্প্যানিশ কোচ জাবি আলোনসোকে চার বছরের চুক্তিতে দায়িত্ব দেওয়ার ব্যাপারে ক্লাবটি নীতিগতভাবে সম্মত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এই নিয়োগ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিবিসির খবর অনুসারে, চেলসি কর্তৃপক্ষ আলোনসোকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছে। গত মাসে লিয়াম রোসেনিওরকে বরখাস্ত করার পর থেকেই নতুন কোচের খোঁজ চলছিল। আন্দোনি ইরাওলা, মার্কো সিলভা ও অলিভার গ্লাজনারের মতো কোচদের সঙ্গেও যোগাযোগ হয়েছিল, কিন্তু ৪৪ বছর বয়সী আলোনসোকেই সবার আগে চেয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের কর্তারা। দুই পক্ষের আলোচনা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপ ফাইনাল শেষ না হওয়া পর্যন্ত এই খবর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিল চেলসি।
রিয়াল মাদ্রিদ ও বায়ার লেভারকুসেনের সাবেক এই কোচ বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই। ২০২৩-২৪ মৌসুমে লেভারকুসেনকে অবিশ্বাস্য সাফল্য এনে দিয়েছিলেন তিনি। কোনো ম্যাচ না হেরে বুন্দেসলিগা ও জার্মান কাপ জিতিয়েছিলেন। গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিলেও সেখানে প্রত্যাশা পূরণ করতে পারেননি। মাত্র আট মাস পরই তাঁকে সরিয়ে দেওয়া হয়।
এর আগে লিভারপুলের সম্ভাব্য কোচ হিসেবেও তাঁর নাম উঠে এসেছিল। তবে অল রেডরা আপাতত আর্নে স্লটের ওপরই ভরসা রাখছে বলে মনে করা হচ্ছে।
চলতি মৌসুমে চেলসির পারফরম্যান্স ছিল একেবারেই নিষ্প্রভ। ৩৬ ম্যাচে মাত্র ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে দলটি। শিরোপার লড়াইয়ে তারা ছিল না এবং আগামী মৌসুমের ইউরোপীয় প্রতিযোগিতায়ও কোয়ালিফাই করতে পারেনি।
আলোনসো পশ্চিম লন্ডনে ফিরে চেলসিকে আবার চেনা ছন্দে ফিরিয়ে আনতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।