স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৬, ০১:৫৫ পিএম
ইউরোপা লিগের ফাইনালের মহড়ার রাতে লিভারপুলকে গোলবন্যায় ভাসিয়ে আগামী মরশুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল অ্যাস্টন ভিলা। গত শুক্রবার ঘরের মাঠে অলরেডদের ৪-২ ব্যবধানে হারিয়ে ইউরোপের শীর্ষ মঞ্চে নিজেদের জায়গা পাকা করেছে উনাই এমেরির দল। এই হারের ফলে লিভারপুলের সেরা চারে থাকার স্বপ্ন এখন বড় ধরনের শঙ্কায়, একই সাথে কোচ আর্নে স্লটের ভবিষ্যৎ নিয়েও ক্লাবের ভেতরে-বাইরে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
আগামী বুধবার ইস্তাম্বুলে ফ্রাইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনাল। ৩০ বছরের ট্রফি খরা কাটানোর সেই মেগা ম্যাচের আগে উনাই এমেরি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চাননি। দলের মূল তারকাদের নিয়েই মাঠে নেমেছিলেন এই স্প্যানিশ কোচ। কোচের আস্থার প্রতিদান দিয়ে দলের ফরোয়ার্ড ওলি ওয়াটকিন্স একাই ধসিয়ে দিয়েছেন লিভারপুলের রক্ষণভাগ। ম্যাচ শেষে উচ্ছ্বসিত এমেরি বলেন, "উভয় প্রতিযোগিতায় একই সাথে এই ধারাবাহিকতা ধরে রাখা সত্যিই কঠিন। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া আমাদের পুরো মরশুমের দুর্দান্ত পরিশ্রমের ফসল।"
অন্যদিকে লিভারপুল শিবিরের চিত্রটা সম্পূর্ণ উল্টো। অ্যালিসন বেকার ও আলেকজান্ডার ইসাকের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোটের কারণে এমনিতেই ব্যাকফুটে ছিলেন আর্নে স্লট। সালাহ ও ভির্টজ পুরো ফিট না থাকায় তাদের বদলি হিসেবে নামাতে বাধ্য হন তিনি। প্রথমার্ধে মরগান রজার্সের গোলে ভিলা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ডমিনিক সোবোসলাইয়ের পাস থেকে হেডে গোল করে লিভারপুলকে সমতায় ফিরিয়েছিলেন অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
সমতায় ফেরার পরপরই সোবোসলাইয়ের এক মারাত্মক ভুলে বল কেড়ে নিয়ে ওয়াটকিন্সকে দিয়ে গোল করান রজার্স। এরপর যেন অলরেডদের ওপর দিয়ে ভিলার আক্রমণের ঝড় বয়ে যায়। ম্যাচের শেষ দিকে ওয়াটকিন্স নিজের দ্বিতীয় গোলটি করার পর অধিনায়ক জন ম্যাকগিনের এক দুর্দান্ত শটে লিভারপুলের কফিনে শেষ পেরেকটি পোঁতা হয়। ইনজুরি টাইমে ভ্যান ডাইক আরেকটি গোল করে ব্যবধান কমালেও তা লিভারপুলের বড় পরাজয় ঠেকাতে পারেনি। এর মাধ্যমে ১৯৮২/৮৩ মরশুমের পর এই প্রথম ইউরোপের রাজকীয় মঞ্চে ফিরছে ভিলা।
এই পরাজয়ের পর পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে লিভারপুল। আগামী মঙ্গলবার যদি বোর্নমাউথ ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে জয় তুলে নেয়, তবে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট ধরে রাখতে লিভারপুলকে শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামতে হবে। একের পর এক ব্যর্থতায় চাকরি হারানোর গুঞ্জন নিয়ে জানতে চাওয়া হলে কোচ আর্নে স্লট ক্ষোভ প্রকাশ করে বলেন, "ব্যক্তিগত আলোচনা বাদ দিয়ে আমাদের এখন ব্রেন্টফোর্ড ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। নিজেদের সেরাটা দিয়েই আমাদের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে হবে।" তবে ফুটবল মহলের ধারণা, অলরেডদের এই করুণ পরিণতির পর স্লটের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র।