images

স্পোর্টস / ফুটবল

ফ্রান্সের বিশ্বকাপ দলে চমক, নেই রিয়ালে খেলা তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক

১৫ মে ২০২৬, ১০:০৪ এএম

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে এবং ব্যালন ডি'অর জয়ী উসমান দেম্বেলের নেতৃত্বে এক বিধ্বংসী আক্রমণভাগ নিয়ে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ফিরছেন অধিনায়কের আর্মব্যান্ড হাতে। দেশের হয়ে ৫৬ গোল করা এমবাপের সামনে এখন অলিভিয়ের জিরু-র ৫৭ গোলের রেকর্ড ছোঁয়ার হাতছানি। অন্যদিকে, গত মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী উসমান দেম্বেলে এই শতকে দ্বিতীয় ফরাসি খেলোয়াড় হিসেবে ব্যালন ডি'অর জিতে এবার বিশ্বকাপে গোলখরা কাটানোর মিশনে নামবেন। তাদের সাথে আক্রমণভাগে যোগ দেবেন বায়ার্ন মিউনিখের মাইকেল অলিসে এবং পিএসজির তরুণ তুর্কি দেশিরে দুয়ে।

দেশমের শেষ বড় টুর্নামেন্ট হতে যাওয়া এই বিশ্বকাপে কিছু বড় নাম বাদ পড়ায় চমক সৃষ্টি হয়েছে। ২০২২ বিশ্বকাপের স্কোয়াডে থাকা রিয়াল মাদ্রিদের এদুয়ার্দো কামাভিঙ্গা এবং টটেনহ্যামের রানডাল কোলো মুয়ানির জায়গা হয়নি এবারের দলে। এছাড়া চোটের কারণে বাদ পড়েছেন লিভারপুলের হুগো একিটিকে। গোলরক্ষক পজিশনে মাইক মাইনানের ব্যাক-আপ হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লেন্সের রবিন রিসার।

২০১৮-র বিশ্বকাপ জয়ী দল থেকে টিকে আছেন মাত্র চারজন- এমবাপে, দেম্বেলে, লুকাস হার্নান্দেজ এবং এনগোলো কান্তে। এছাড়া ম্যান সিটির রায়ান চেরকি এবং আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা সহ প্রিমিয়ার লিগের সাতজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন এই স্কোয়াডে।

পিএসজি গোলরক্ষক লুকাস শেভালিয়েরও জায়গা পাননি ফ্রান্সের বিশ্বকাপ দলে। তিনি যে দল থেকে বাদ পরছেন তা অনুমান করেছিলেন অনেকেই। ক্লাব ফুটবলেও পিএসজির মূল একাদশে জায়গা হারিয়েছেন তিনি। তাঁর বদলে ফরাসি জায়ান্টদের দলে এক নম্বর গোলকিপার হয়ে ওঠেছেন রুশ গোলরক্ষক মাতেভি সাফোনোভ। 

দল নির্বাচন নিয়ে ফরাসি চ্যানেল টিএফওয়ান কে দেশম বলেন, "এটি কেবল সেরা ২৬ জনের তালিকা নয়, বরং দলের ভারসাম্যের বিষয়। কামাভিঙ্গা হয়তো হতাশ হবে, কিন্তু চোট আর অনিয়মিত খেলার কারণে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।"

গ্রুপ ‘আই’-তে থাকা ফ্রান্স আগামী ১৬ জুন নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু করবে। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ হলো ইরাক (২২ জুন) ও নরওয়ে (২৬ জুন)।

একনজরে ফ্রান্সের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: মাইক মাইনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা।
রক্ষণভাগ: উইলিয়াম সালিবা, জুলেস কুন্দে, ইব্রাহিমা কোনাতে, দায়ো উপামেকানো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, লুকাস দিনিয়ে, মালো গুস্তো, ম্যাক্সেন্স ল্যাক্রোয়া।
মধ্যমাঠ: এনগোলো কান্তে, অরেলিয়ান চুয়ামেনি, অ্যাড্রিয়েন রাবিওট, মানু কোনে, ওয়ারেন জাইর-এমেরি।
আক্রমণভাগ: কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল অলিসে, দেশিরে দুয়ে, রায়ান চেরকি, ব্র্যাডলি বারকোলা, মার্কাস থুরাম, জিন-ফিলিপ মাতেতা, মাঘনেস আকলিউশ।