স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৬, ০৫:১৬ পিএম
নিউ জার্সি এবং নিউইয়র্কের স্থানীয় সরকারগুলো বিশ্বকাপের আসর চলাকালীন দর্শকদের যাতায়াতের সুবিধার্থে ট্রেন এবং বাস টিকিটের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নিউ জার্সি নিউইয়র্ক স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) যাতায়াতের জন্য এনজে ট্রানজিট ট্রেনের রিটার্ন ভাড়া ১৫০ ডলার থেকে কমিয়ে ৯৮ ডলার নির্ধারণ করা হয়েছে।
বুধবার নিউ জার্সির গভর্নর মিকি শেরিল ঘোষণা করেছেন যে, এনজে ট্রানজিট বিশ্বকাপের ট্রেন টিকিটের দাম কমিয়ে ৯৮ ডলার করছে এবং এই ঘাটতি মেটাতে নিউ জার্সির করদাতাদের কোনো অর্থ ব্যবহার করা হচ্ছে না। ইস্ট রাদারফোর্ডের এই স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে টিকিটের উচ্চমূল্য নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক ফুটবল ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ৯৮ ডলারের এই ভাড়া নিউ ইয়র্ক সিটির পেন স্টেশন থেকে নিয়মিত ১৩ ডলারের রাউন্ড-ট্রিপ ভাড়ার তুলনায় এখনও অনেক বেশি। এর আগে যখন ১৫০ ডলার ভাড়ার ঘোষণা দেওয়া হয়েছিল, তখন গভর্নর শেরিল যুক্তি দিয়েছিলেন যে ১৯৯৪ সালের পর যুক্তরাষ্ট্রে ফিরতে যাওয়া এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে যেন নিউ জার্সির সাধারণ যাত্রীদের ওপর দীর্ঘমেয়াদী ঋণের বোঝা না চাপে, সেজন্যই এই বাড়তি ভাড়া প্রয়োজন। এনজে ট্রানজিট কর্মকর্তাদের মতে, টুর্নামেন্ট চলাকালীন দর্শকদের যাতায়াতে মোট ৬২ মিলিয়ন ডলার খরচ হবে, যার বিপরীতে অনুদান পাওয়া গেছে মাত্র ১৪ মিলিয়ন ডলার।
অন্যদিকে, নিউ ইয়র্ক সিটি থেকে স্টেডিয়াম পর্যন্ত শাটল বাসের ভাড়াও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বুধবার জানিয়েছেন যে, শাটল বাসের রিটার্ন ভাড়া ৮০ ডলার থেকে কমিয়ে ২০ ডলার করা হয়েছে। এর ফলে যারা ইতিমধ্যে ম্যাচ টিকিট, বিমান ভাড়া এবং ভিসার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছেন, সেইসব ভক্তরা কিছুটা স্বস্তি পাবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিটি ম্যাচের জন্য ২০ শতাংশ বাস টিকিট নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দাদের জন্য সংরক্ষিত থাকবে এবং বাকি টিকিটগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে এই বিশ্বকাপ টুর্নামেন্টটি আগামী ১১ জুন শুরু হবে।