স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৬, ১২:৩০ পিএম
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড়ের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির এই আর্জেন্টাইন অধিনায়কের বার্ষিক মূল বেতন এখন ২ কোটি ৫০ লাখ ডলার, যা লিগের দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের চেয়ে দ্বিগুণেরও বেশি।
এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক বেতন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত অক্টোবরে ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করার পর মেসির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগামী মাসে ৩৯ বছরে পা দিতে যাওয়া এই তারকার নিশ্চিত মোট আয় দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ডলারেরও বেশি (প্রায় ২৮.৩ মিলিয়ন ডলার)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ কোটি। তবে এই অঙ্কে এনডোর্সমেন্ট চুক্তি বা ক্লাবের অংশীদারিত্বের মতো অতিরিক্ত আয় অন্তর্ভুক্ত করা হয়নি।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন। টটেনহাম থেকে আসা এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের বার্ষিক মূল বেতন প্রায় ১ কোটি ৪ লাখ ডলারের কাছাকাছি। তার পরেই রয়েছেন মেসির সতীর্থ রদ্রিগো ডি পল এবং সান দিয়েগো এফসির হার্ভিং লোজানোর মতো তারকারা।
২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেসি একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। এখন পর্যন্ত ৬৪ ম্যাচে তিনি করেছেন ৫৯টি গোল। তার অসাধারণ নেতৃত্বে ক্লাব ২০২৫ সালে প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের স্বাদ পায়। গত মৌসুমে ২৯ গোল করে লিগের শীর্ষ স্কোরার হন তিনি এবং টানা দুই মৌসুম (২০২৪ ও ২০২৫) এমএলএসের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি) নির্বাচিত হয়েছেন।