images

স্পোর্টস / ফুটবল

‘আড়ালে কলকাঠি না নেড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন’

স্পোর্টস ডেস্ক

১৩ মে ২০২৬, ১১:২৬ এএম

চারদিকে সমালোচনার ঝড়, শিরোপাহীন মৌসুমের হতাশা আর অভ্যন্তরীণ কোন্দলে রিয়াল মাদ্রিদ এখন এক সংকটের মাঝে। অনেকেই ভেবেছিলেন, ৭৯ বছর বয়সী ফ্লোরেন্তিনো পেরেজ হয়তো এবার চাপের মুখে নতি স্বীকার করবেন। কিন্তু বাস্তবতা একেবারে উল্টো। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি ঘোষণা করলেন আমি যাচ্ছি না, বরং আগাম নির্বাচন ডাকছি!

মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলনে পেরেজ স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তিনি দায়িত্ব ছাড়ছেন না। উল্টো নির্বাচক কমিটিকে নির্দেশ দিয়েছেন বর্তমান বোর্ডসহ নতুন নির্বাচন প্রক্রিয়া শুরু করতে। ২০২৫ সালের জানুয়ারিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়া এই সভাপতি বলেন, ‘দুঃখিত, আমি পদত্যাগ করছি না।’ 

একই সঙ্গে তিনি দাবি করেন, তার নেতৃত্বের বিরুদ্ধে একটি সংগঠিত প্রচারণা চালানো হচ্ছে। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আড়ালে থেকে কলকাঠি না নেড়ে সামনে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন।’

স্প্যানিশ মিডিয়ার একাংশের তীব্র সমালোচনা ও পরিকল্পিত মিথ্যা প্রচারের অভিযোগ তুলে পেরেজ ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে তাঁর শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো গুজব নিয়ে তিনি বলেন, ‘অনেকে রটাচ্ছে আমার নাকি ক্যান্সার হয়েছে। আমার স্বাস্থ্য ভালো আছে। যদি সত্যিই ক্যান্সার হতো, তাহলে কি সারা বিশ্বে এত বড় খবর হতো না?’ 

রোববার এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে ২-০ গোলে হারের পর রিয়ালের শিরোপাহীন মৌসুম প্রায় নিশ্চিত হয়ে গেছে। মাঝ মৌসুমে জাবি আলোনসোকে সরিয়ে আলভারো আরবেলোয়াকে কোচ বানানোর সিদ্ধান্তও কাঙ্ক্ষিত ফল দেয়নি। ড্রেসিংরুমের পরিস্থিতিও উত্তপ্ত। ক্লাসিকোর আগে অনুশীলনে ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ে চুয়ামেনির মধ্যে হাতাহাতির ঘটনা সংবাদমাধ্যমে ফাঁস হয়। ক্লাব দুই খেলোয়াড়কেই ৫ লাখ ইউরো করে জরিমানা করেছে।

এ বিষয়ে পেরেজ বলেন, ‘খেলোয়াড়দের নিয়ে বিস্তারিত বলব না। তবে আমার সময়ে এমন ঘটনা আগেও ঘটেছে, শুধু এবারই প্রথম বাইরে ফাঁস হয়েছে।’ 

২০০৯ সাল থেকে টানা সভাপতিত্ব করা পেরেজ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘যারা নির্বাচনে লড়তে চান, তাদের স্বাগত। আমি সদস্যদের স্বার্থ রক্ষায় লড়াই চালিয়ে যাব। কোনো হুমকি আমাকে দমাতে পারবে না, বরং আরও শক্তি দেবে।’ 

নিজের সাফল্যের হিসাবও তুলে ধরেন তিনি, ‘আমার আমলে ফুটবল ও বাস্কেটবল মিলিয়ে ক্লাব ৩৭টি ফুটবল ও ২৯টি বাস্কেটবল শিরোপা জিতেছে। আমি সবসময় সবকিছু জিততে চেয়েছি।’

এসটি