images

স্পোর্টস / ক্রিকেট

‘ওরাও জানে রানাকে বাউন্সার মারলে আবার খেতে হবে’

স্পোর্টস ডেস্ক

১২ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে নাহিদ রানা পেয়েছিলেন ১ উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে তিনি হাজির হন বিধ্বংসী রূপে। শেষ সেশনে বাংলাদেশের জয়ের জন্য যখন দরকার ৭ উইকেট তখন একের পর দারুণ সব ডেলিভারিতে সফরকারীদের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার গুঁড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রানার গতিময় বোলিংয়ের পাশাপাশি প্রতিপক্ষের ব্যাটারদের সামলাতে হয়েছে ভয়ংকর সব বাউন্সারও। এই বাউন্সারের কথাই ম্যাচ জয়ের পর আবার মনে করিয়ে দিলেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত। 

রানার বোলিং নিয়ে তিনি বলেন, 'ওরাও জানে রানাকে বাউন্সার মারলে আবার খেতে হবে। আমি হলে মারতাম না। আমার শখ নেই এতো জোড়ে বল খেলার। তবে এখন আমরা জবাব দিতে পারি। আস্তে আস্তে আমরা টেস্ট ক্রিকেটে উন্নতি করছি। দিন শেষে আমরা এটাই করতে চাই। ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত। বিশেষ করে এই টেস্টে যেভাবে খেলেছে।'

ম্যাচ জয়ের জন্যই দ্রুত ইনিংস ঘোষণা করেছিলেন জানিয়ে তিনি বলেন, 'আমরা এজন্যই ইনিংস ঘোষণা করেছি কারণ আমাদের কোয়ালিটি বোলার আছে। নাহিদ, তাসকিন, এবাদত, মিরাজ ও তাইজুল দারুণ বোলিং করেছে।'

শান্ত আরও বলেন, 'এই ম্যাচ জিততে পেরে খুবই খুশি। গত দুই মাসে অনেক পরিশ্রম করেছি আমরা। এবারই প্রথম বাংলাদেশের পাকিস্তানকে হারিয়েছি এটা জানতাম না। আমরা ধীরে ধীরে টেস্টে ভালো দল হয়ে উঠছি।'