images

স্পোর্টস / ফুটবল

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলার প্রতীক্ষায় ওচোয়া

স্পোর্টস ডেস্ক

১২ মে ২০২৬, ০৮:১৮ পিএম

মেক্সিকান গোলরক্ষক গুইলার্মো ওচোয়া সোমবার জানিয়েছেন যে, তিনি জাতীয় দলের হয়ে তার শেষ ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন। এর মাধ্যমে আগামী মাসে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার পথে এক ধাপ এগিয়ে গেলেন এই অভিজ্ঞ তারকা।

৪০ বছর বয়সী এই গোলরক্ষক মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরের বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন এটা প্রায় নিশ্চিত। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় যৌথভাবে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

ওচোয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "এই জার্সিটা আবারও গায়ে তোলা আমার কাছে কখনোই সাধারণ কোনো ব্যাপার ছিল না... এটা একটা বড় সম্মান। আজ আমার শেষ ট্রেনিং ক্যাম্প শুরু হচ্ছে। তবে এবার আমি এটাকে একটু অন্যভাবে দেখছি। এখন আমার হৃদয়ে অনেক স্মৃতি আর অনেক দাগ থাকলেও, সেই ছোট্ট শিশুটির মতো একই উত্তেজনা কাজ করছে যে একসময় এই ব্যাজটি আগলে রাখার স্বপ্ন দেখেছিল।"

মেক্সিকোর হয়ে এর আগে ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে খেলেছেন ওচোয়া। এবার মাঠে নামলে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশাপাশি তিনিও ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়া হাতেগোনা কয়েকজন খেলোয়াড়ের তালিকায় নাম লেখাবেন।

এই টুর্নামেন্টটি ওচোয়ার ক্যারিয়ারের শেষ হতে পারে বলে তিনি আভাস দিয়েছেন। গত মাসে মেক্সিকান ব্রডকাস্টারে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "বিশ্বকাপের পর সম্ভবত আমার সবকিছুর সমাপ্তি ঘটবে।" বর্তমানে সাইপ্রাসের ক্লাব এইএল লিমাসোলের হয়ে খেলছেন তিনি।

নিজের ক্যারিয়ারের স্মৃতিচারণ করে ওচোয়া লেখেন, "আমি এমন কিছু রাত আর ম্যাচের সাক্ষী হয়েছি যা কখনো ভোলার নয়। জাতীয় সংগীতের সেই সুর এখনও আমার গায়ের লোম খাড়া করে দেয়। মেক্সিকো যখনই আমাকে ডাকে, আমার ভেতরটা আবার নতুন করে জেগে ওঠে।"

মেক্সিকোর হয়ে ১৫০টিরও বেশি ম্যাচ খেলা ওচোয়া বিশ্বকাপের বড় মঞ্চে তাঁর দুর্দান্ত সব সেভের জন্য পরিচিত। ২০১৪ সালে ব্রাজিলের বিপক্ষে তাঁর সেই সব অবিশ্বাস্য সেভ কিংবা ২০২২ সালে পোল্যান্ডের রবার্ট লেভানডভস্কির পেনাল্টি রুখে দেওয়া, ফুটবল ভক্তরা সবসময় মনে রাখবে। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে মেক্সিকো তিনটি প্রীতি ম্যাচ খেলবে- ঘানার বিপক্ষে ২২ মে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০ মে এবং সার্বিয়ার বিপক্ষে ৪ জুন। এরপর ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপের মিশন শুরু করবে।