স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৬, ০৪:১১ পিএম
২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বার্সেলোনার কাছে এল ক্লাসিকোয় ২-০ গোলে হারের পর কাতালানরা লা লিগার টাইটেল ধরে রাখায় রিয়ালের এবারও ট্রফিহীন মৌসুম নিশ্চিত হয়েছে। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হার এবং লিগে অস্থিরতার কারণে ক্লাবের ভেতরে ও বাইরে প্রবল অসন্তোষ দেখা দিয়েছে।
ফরাসি তারকা কিলিয়ান এমবাপে এই মৌসুমে ব্যক্তিগতভাবে দারুণ গোল করলেও (৪১ ম্যাচে ৪১ গোল) দলীয় সাফল্য আসেনি। তার নেতৃত্ব নিয়ে ড্রেসিং রুমে প্রশ্ন উঠেছে। অনেক সতীর্থ এবং ক্লাবের অভ্যন্তরীণ সূত্র অনুসারে ভিনিসিয়ুস জুনিয়র এখন দলের প্রধান নেতা হিসেবে উঠে এসেছেন, এমবাপে সেকেন্ডারি ভূমিকায় চলে গেছেন। তার অভিযোজন সমস্যা, ইনজুরি এবং ওয়ার্ল্ড কাপে ফোকাস করার অভিযোগও উঠেছে।
এ নিয়ে আর্জেন্টাইন ফুটবল বিশ্লেষক জর্জে ডি'আলেসান্দ্রো রিয়াল মাদ্রিদের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, কিলিয়ান এমবাপে এখন পর্যন্ত আটজন কোচের সঙ্গে কাজ করেছেন এবং প্রত্যেকের সঙ্গেই তার সংঘাত হয়েছে। এ কারণে তিনি মনে করেন, জোসে মরিনহোর মতো একজন কড়া কৌশলবিদ হয়তো এমবাপেকে সামলাতে পারবেন।
ডি'আলেসান্দ্রো প্রশ্ন তুলেছেন, রিয়াল মাদ্রিদকে আবার সোনালি যুগে ফিরিয়ে আনতে এমবাপে নিজে বেশি সক্ষম, নাকি মরিনহো? তিনি স্পষ্টভাবে বলেন, 'এমবাপেকে এখনো আমরা তেমন কিছু দেখিনি। তাকে প্রমাণ করতে হবে।'
ভিনিসিয়ুস জুনিয়র নিয়ে তার সন্দেহ আরও প্রকট। তিনি বলেন, ভিনিসিয়ুসের পাশে মেসি, নেইমার বা দেম্বেলের মতো খেলোয়াড় নেই। এমবাপের সঙ্গে তিনি কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। রদ্রিগো ইনজুরিতে পড়লে ব্রাহিম দিয়াজের সঙ্গে কে খেলবেন, এমন প্রশ্নও তুলেছেন তিনি।
সবচেয়ে চাঞ্চল্যকর মন্তব্য ছিল এমবাপেকে বিক্রি করে নতুন খেলোয়াড় আনার প্রস্তাব। ডি'আলেসান্দ্রো সরাসরি বলেন, 'যদি আমি কোচ হতাম, তাহলে হালান্ডকে কিনতাম।' তিনি আরও যোগ করেন, 'যদি কোনো ক্লাব এমবাপেকে কিনতে চায় তবে তিনি তাকে বিক্রি করে দিতে রাজি আছেন। তবে বাস্তবে কেউ এমবাপেকে চায় না।'
তিনি আরো বলেন, 'বাজারমূল্য দেখে সব বিচার করা যায় না। আমি এমন খেলোয়াড় চাই, যাদের দিয়ে দলকে ভারসাম্যপূর্ণ করা যাবে। বিশেষ করে নির্ভরযোগ্য একজন সেন্টার-ব্যাক দরকার।'