images

স্পোর্টস / ক্রিকেট

পাকিস্তানের লক্ষ্য ২৬৮ রান, শান্তদের চাই ১০ উইকেট

স্পোর্টস ডেস্ক

১২ মে ২০২৬, ১১:৫১ এএম

মিরপুরে চলমান প্রথম টেস্টে বাংলাদেশ দারুণ লড়াই করে পাকিস্তানের ওপর চাপ তৈরি করেছে। প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হওয়ার পর পাকিস্তানকে মাত্র ২৭ রানের লিড দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ২৬৮ রান। আর শান্তদের জিততে দরকার ১০ উইকেট। 

দিন শুরুর আগে বাংলাদেশের লিড ছিল ১৭৯ রান। তৃতীয় ওভারেই মুশফিকুর রহিম (২২) হাসান আলির বলে মিড অফে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর শান্ত ও লিটন দাস ধীরে-সুস্থে খেলতে থাকেন। দুজনেই সময় নিয়ে ক্রিজে সেট হওয়ার চেষ্টা করেন, দ্রুত রান তোলার ঝুঁকি নেননি।

লিটন একটি সুন্দর সুইপ চার মেরে আত্মবিশ্বাসী হয়ে উঠলেও পরের বলেই শাহীন আফ্রিদির বাউন্সারে পুল শট খেলতে গিয়ে হাসান আলির হাতে ধরা পড়েন। মেহেদী হাসান মিরাজ নেমে অবশ্য আগ্রাসী মেজাজ দেখান। তিনি ওয়ানডে স্টাইলে রান তুলতে থাকেন।

অন্যদিকে শান্ত তখন ইতিহাস গড়ার দোরগোড়ায়। টেস্টের দুই ইনিংসে তিনবার জোড়া সেঞ্চুরির বিরল কীর্তি গড়ার পথে ছিলেন তিনি। কিন্তু নোমান আলির বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ১৫০ বলে ৮৭ রানে ফিরে যান। এটাই ছিল দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।

মিরাজ ২৪ রান করে সালমান আলি আঘারের হাতে ক্যাচ দেন। নোমান আলি পরে তাইজুল ইসলামকে বোল্ড করে তৃতীয় উইকেট তুলে নেন। হাসান আলি তাসকিনকে আউট করার পরপরই শান্ত ইনিংস ঘোষণা করেন। ফলে পাকিস্তানের সামনে ২৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ।