images

স্পোর্টস / ক্রিকেট

চতুর্থ দিন শেষে ১৭৯ রানের লিড বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

১১ মে ২০২৬, ০৫:৩১ পিএম

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে পাকিস্তানের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। আলোকস্বল্পতার কারণে খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১৭৯ রানে।

বৃষ্টির কারণে দিনের দ্বিতীয় সেশনের খেলা পুরোপুরি পরিত্যক্ত হয়। লাঞ্চের পর খেলা পুনরায় শুরু হলেও দিনের শেষে পর্যাপ্ত আলো না থাকায় ৫০.৩ ওভারেই খেলা থামিয়ে দিতে হয়। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান।

দিনের শুরুতে ওপেনার মাহমুদুল হাসান জয় (৫) এবং সাদমান ইসলামকে (১০) হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক মিলে ১০৫ রানের এক চমৎকার জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। দুজনেই ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। দলীয় ১২৮ রানের মাথায় শাহীন আফ্রিদির বলে মমিনুল হক ৫৬ রান করে আউট হলে এই জুটি ভেঙে যায়।

এদিকে এই ইনিংসসহ টেস্টে সবশেষ ৫ ইনিংসে টানা হাফ সেঞ্চুরি করেছেন মুমিনুল। এর আগে তামিম ইকবাল গড়েছিলেন এমন কীর্তি। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে মার্চ থেকে জুনের মধ্যে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশোর্ধ রান করেছিলেন তামিম ইকবাল। এর মধ্যে লর্ডস ও ম্যানচেস্টারে বিখ্যাত সেই দুই সেঞ্চুরিও আছে। 

মুমিনুল ফেরার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৬ বলে ৫৮ রান করে অপরাজিত আছেন। তাঁর সাথে ১৬ রানে অপরাজিত রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রান সংগ্রহ করেছিল, যেখানে শান্ত ১০১, মমিনুল ৯১ এবং মুশফিক ৭১ রান করেন। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়। অভিষিক্ত আজান আওয়াইসের সেঞ্চুরি (১০৩) এবং আব্দুল্লাহ ফজলের (৬০) হাফ-সেঞ্চুরি সত্ত্বেও মেহেদী হাসান মিরাজের ৫ উইকেটের কারণে বড় লিড নিতে পারেনি পাকিস্তান। ফলে প্রথম ইনিংস শেষে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।

চতুর্থ দিন শেষে ১৭৯ রানের লিড নিয়ে বাংলাদেশ এখন ম্যাচের চালকের আসনে। পঞ্চম ও শেষ দিনে দ্রুত কিছু রান তুলে পাকিস্তানকে বড় লক্ষ্য দেওয়ার অপেক্ষায় থাকবে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।