স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৬, ০১:৪৪ পিএম
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পেস বোলিংয়ের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ হলো আজ। দীর্ঘ ১৭ বছর পর অবশেষে আরেকজন পেসার টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। তিনি তাসকিন আহমেদ। এরই মাধ্যমে তিনি হয়ে গেলেন দেশের তৃতীয় পেসার যিনি এই কীর্তি গড়লেন।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন তাসকিনকে দেখে মনে হচ্ছিল শরীর পুরোপুরি ফিট নয়। রান-আপে ক্লান্তি, গতিতে ভাটা সব মিলিয়ে একটা ধারহীন স্পেল কাটিয়ে গিয়েছিলেন। কিন্তু পরদিন সকালে পুরোপুরি বদলে গেলেন তিনি। দেখালেন পরিকল্পনা, ধৈর্য আর অভিজ্ঞতার জয়। গতি বা বাউন্সে আগুন না ঝরালেও ব্যাটারদের চাপে রাখলেন দারুণভাবে। জোড়া উইকেট তুলে নিলেন, নো-বলের দুর্ভাগ্য না থাকলে আরও একটি পেতে পারতেন।
২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজা ও শাহাদাত হোসেন প্রায় একই সময়ে এই মাইলফলক ছুঁয়েছিলেন। এরপর আর কেউ পারেননি। সময় গড়িয়েছে, অধিনায়ক বদলেছে, নতুন প্রজন্ম এসেছে কিন্তু পেস আক্রমণে ৫০ উইকেটের সেই সংখ্যাটা ছিল অধরা। অবশেষে তাসকিন সেই অপেক্ষা ঘুচিয়েছেন।
বিশ্ব ক্রিকেটের হিসাবে ৫০ উইকেট হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এটি বড় সাফল্য। ২৬ বছরের টেস্ট ইতিহাসে মাত্র তিনজন পেসার এই মাইলফলকে পৌঁছেছেন। তাসকিন মাত্র ১৮ টেস্টে এটি করলেন। মাশরাফির লেগেছিল ১৯টি, শাহাদাতের ২১টি। মাশরাফি ক্যারিয়ার শেষ করেছেন ৭৮ উইকেট নিয়ে, শাহাদাত ৭২ নিয়ে।
এখন প্রশ্ন উঠছে তাসকিন কি পারবেন অধরা ১০০ উইকেটের মাইলফলক ছুঁতে? বয়স এখন ৩১, পথটা কঠিন হলেও একেবারে অসম্ভব নয়।