images

স্পোর্টস / ক্রিকেট

মিরপুর টেস্টে পাকিস্তানের ৬২ বছরের রেকর্ড ভাঙলেন এই ব্যাটার

স্পোর্টস ডেস্ক

১০ মে ২০২৬, ১১:৪৬ এএম

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে দুর্দান্ত এক ইনিংস খেলে সবার নজর কেড়েছেন পাকিস্তানের তরুণ ওপেনার আজান ওয়াইস। অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে তিনি ছুঁয়ে ফেলেছেন এক ঐতিহাসিক মাইলফলক।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রান তুলে বেশ শক্ত অবস্থানে ছিল। কিন্তু পাকিস্তানের উদ্বোধনী জুটি সেই চাপ অনেকটাই সামলে দেয়। আজান ও ইমাম-উল-হক মিলে গড়েন ১০৬ রানের জুটি। দিন শেষে পাকিস্তান ছিল স্বস্তির জায়গায়।

অভিষেকের প্রথম বল থেকেই ব্যাটিংয়ে নেমেছিলেন আজান। অভিজ্ঞ ইমামের সঙ্গে ওপেন করতে নেমে শুরুটা সহজ ছিল না। ৭ রানে থাকাকালীন নাহিদ রানার দ্রুতগতির বল তার হেলমেটে আঘাত করে। কিছুক্ষণ ক্রিজ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। কিন্তু সেই ধাক্কা সামলে তিনি অসাধারণ ধৈর্য ও সাহস দেখান।

দিনের শেষে অপরাজিত ৮৫ রানে ক্রিজে ছিলেন আজান। পরদিন সকালে মাত্র ৫ ওভারের মধ্যেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। নাহিদ রানার বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এই তরুণ।

এই কীর্তিতে তিনি ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছেন। পাকিস্তানের হয়ে অভিষেকে সেঞ্চুরি করা ওপেনারদের তালিকায় তিনি ষষ্ঠ। আগের পাঁচজন হলেন খালিদ ইবাদুল্লাহ, আলী নাকভি, তৌফিক ওমর, ফাওয়াদ আলম ও আবিদ আলি। তবে খালিদ ইবাদুল্লাহ (১৯৬৪ সাল) ছাড়া বাকিরা কেউ দলীয় ইনিংসের প্রথম বল খেলেননি। আজান সেই বিরল কৃতিত্ব দেখিয়ে নতুন ইতিহাস গড়লেন।

দুর্ভাগ্যবশত সেঞ্চুরির পরপরই তাসকিন আহমেদের বলে ফিরতে হয় তাঁকে। তবে তার আগে যে ভিত গড়ে দিয়ে গেছেন, তাতে পাকিস্তান এখন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।