images

স্পোর্টস / ফুটবল

ক্লাসিকোয় রিয়ালের ঘরে অস্থিরতা, ইতিহাস ছুঁয়ে ফেলার পথে বার্সা

স্পোর্টস ডেস্ক

১০ মে ২০২৬, ১১:৩৭ এএম

চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বিদায়, লা লিগার শিরোপাও হাতছাড়া হওয়ার পথে। তার ওপর নতুন করে যোগ হয়েছে অভ্যন্তরীণ অশান্তি। রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুম এখন যেন আগুনের ওপর। এদিকে ভালভের্দে-চুয়ামেনির হাতাহাতির ঘটনা এখন সব আলোচনার কেন্দ্রবিন্দু। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আজ রাতে মৌসুমের শেষ এল ক্লাসিকোয় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

ন্যু ক্যাম্পে রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচ। জয় কিংবা ড্র করলেই লিগের ২৯তম শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। কাতালান শিবিরে এখন উৎসবের আমেজ, অন্যদিকে রিয়ালের শিবিরে চাপ ও অস্থিরতা।

গত বুধবার অনুশীলনের মাঝেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন ফেডেরিকো ভালভের্দে ও অরেলিয়ান চুয়ামেনি। পরের দিনও পরিস্থিতি শান্ত হয়নি। ভালভের্দেকে হাসপাতালেও যেতে হয়েছে। ক্লাব দুই খেলোয়াড়কে ৫ লাখ ইউরো পর্যন্ত জরিমানা করেছে। এর আগে রুডিগার-কারেরাসের ঝামেলার খবরও গণমাধ্যমে এসেছে।

রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “দুজনই তাদের ভুল স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে। আমার কাছে এটাই যথেষ্ট। কিন্তু সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, ড্রেসিংরুমের ঘটনা বাইরে চলে আসা। এটা রিয়াল মাদ্রিদের সঙ্গে বিশ্বাসঘাতকতার সমান।”

প্রতিপক্ষের এমন সমস্যায় বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক খুশি হতেই পারেন। কিন্তু জার্মান কোচ পুরোপুরি ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বলেন, “আমি রিয়াল মাদ্রিদ নিয়ে কোনো কথা বলতে চাই না। এটা আমার কাজ নয়। এমন ঘটনা সব জায়গায়ই হয়। আমি হয়তো একটু অবাক হয়েছি। কিন্তু আমার পুরো মনোযোগ এখন আমার দল এবং আসন্ন ম্যাচের দিকে।”

ফ্লিক আরও যোগ করেন, “আমাদের ড্রেসিংরুমে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এই একটি ক্লাসিকো হয়তো সব আগের ম্যাচগুলোকেও ছাপিয়ে যেতে পারে। ঘরের মাঠে বার্সেলোনা যদি হার এড়াতে পারে, তাহলে প্রায় একশ বছর পর ১৯৩২ সালের পর প্রথমবার কোনো এল ক্লাসিকো সরাসরি লিগ শিরোপার ভাগ্য নির্ধারণ করে দেবে।পুরনো ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যায়, ১৯৩১-৩২ মৌসুমের শেষ ম্যাচে বার্সেলোনার মাঠে ২-২ গোলে ড্র করে লিগ জয় নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। 

সেই ড্রয়ের বদৌলতেই অ্যাথলেটিক ক্লাবকে পেছনে ফেলে প্রথমবারের মতো লা লিগার শিরোপা ঘরে তুলেছিল লস ব্লাঙ্কোসরা। আর সেখান থেকেই শুরু হয়েছিল তাদের ৩৬টি লিগ শিরোপার অসাধারণ যাত্রা ।এবার ঘরের মাঠে সেই ইতিহাসের প্রতিধ্বনি তুলতে চায় বার্সেলোনা। শুধু প্রতিধ্বনি নয়, নিজেদের উদযাপনের মঞ্চ করে তুলতে চায় ম্যাচটাকে।

লা লিগায় বার্সেলোনা বর্তমানে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে। আজ ন্যু ক্যাম্পে ভালো ফল করলেই শিরোপা উঠবে তাদের হাতে। ফলে মৌসুমের শেষ ক্লাসিকোয় ঘরের মাঠে জয় পেলে উৎসবের রং আরও উজ্জ্বল হবে কাতালানদের জন্য।