images

স্পোর্টস / ফুটবল

ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে প্রাথমিক চুক্তি করেছিল বার্সা, অতঃপর...

স্পোর্টস ডেস্ক

১০ মে ২০২৬, ১০:০১ এএম

আজকের বিশ্ব ফুটবলে ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম বড় শক্তি। তবে খুব অল্পের জন্য তার গন্তব্য ভিন্ন হতে পারত। বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, একসময় ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের আকর্ষণীয় প্রস্তাব সবকিছু বদলে দেয়।

বার্তোমেউর দাবি, ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোতে খেলার সময় থেকেই ভিনিসিয়ুসকে নজরে রেখেছিল বার্সা। সে সময় তার পরিবার ও এজেন্টদের সঙ্গে একাধিকবার আলোচনা করে কাতালান ক্লাবটি প্রাথমিক সমঝোতায়ও পৌঁছেছিল। তরুণ এই উইঙ্গারকে ভবিষ্যতের বড় তারকা ভেবে দ্রুত দলে নেওয়ার পরিকল্পনা ছিল বার্সার।

তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি। বার্তোমেউ জানান, আলোচনায় এগিয়ে থাকলেও পরে রিয়াল মাদ্রিদ আরও ভালো আর্থিক প্রস্তাব দেয়। আর সেটিই ভিনিসিয়ুসের সিদ্ধান্ত বদলে দেয়।

তিনি বলেন, ২০১৭ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ ও ফ্লামেঙ্গোর মধ্যে চুক্তি চূড়ান্ত হয়। এরপর ফিফার নিয়ম অনুযায়ী ১৮ বছর পূর্ণ হওয়ার পর, অর্থাৎ ২০১৮ সালের জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

সম্প্রতি ইএসপিএন দেপোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, ভিনিসিয়ুস বার্সেলোনার পছন্দের তালিকায় অনেক ওপরে ছিলেন। তার পরিবার ও প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রিয়ালের প্রস্তাবই বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

বর্তমানে রিয়াল মাদ্রিদের অন্যতম নির্ভরতার নাম ভিনিসিয়ুস জুনিয়র। ক্লাবটির হয়ে আট মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭২ ম্যাচে ১২৭ গোল ও ১০০ অ্যাসিস্ট করেছেন তিনি। লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি, ২০২২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে করা তার জয়সূচক গোলটি এখনো ফুটবলভক্তদের মনে বিশেষ জায়গা দখল করে আছে।

এসটি