স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৬, ০৪:৪৮ পিএম
ইরানের ফুটবল ফেডারেশন শনিবার জানিয়েছে যে, তারা এই গ্রীষ্মে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে অংশ নেবে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষাপটে তারা আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার কাছে তাদের শর্তগুলো মেনে নেওয়ার দাবি জানিয়েছে।
গত মাসে ফিফা কংগ্রেসের আগে আইআরজিসি-র সাথে সংশ্লিষ্টতার কারণে কানাডা ইরানি ফেডারেশন প্রধানের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করার পর এই দাবি তোলা হয়েছে। আইআরজিসি-কে ২০২৪ সালে কানাডা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
ফেডারেশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, "আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করব, তবে আয়োজক দেশগুলোকে আমাদের উদ্বেগগুলো বিবেচনায় নিতে হবে। আমরা আমাদের বিশ্বাস, সংস্কৃতি এবং আদর্শ থেকে কোনোভাবেই বিচ্যুত হব না"।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন যে, বিশ্বকাপে যোগ দেওয়ার জন্য তারা ১০টি শর্ত দিয়েছেন। এর মধ্যে রয়েছে নিশ্চিত ভিসা, জাতীয় দলের স্টাফ, পতাকা ও জাতীয় সংগীতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের পথে উচ্চমানের নিরাপত্তার নিশ্চয়তা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যে ইরানি ফুটবলারদের বিশ্বকাপে স্বাগত জানানো হবে, তবে আইআরজিসি-র সাথে যুক্ত প্রতিনিধি দলের সদস্যদের প্রবেশাধিকার যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করতে পারে বলে তিনি সতর্ক করেছেন। মেহেদী তাজ জোর দিয়ে বলেছেন যে, মেহেদী তারেমি এবং এহসান হাজসাফির মতো যারা আইআরজিসি-তে সামরিক দায়িত্ব পালন করেছেন, তাদের যেন কোনো সমস্যা ছাড়াই ভিসা দেওয়া হয়।
ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন যে ইরান তাদের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই খেলবে। গ্রুপ 'জি'-তে থাকা ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো বেলজিয়াম এবং মিশর।
ফেডারেশন শনিবার আরও বলেছে, "কোনো বহিরাগত শক্তি ইরানকে এমন একটি বিশ্বকাপ থেকে বঞ্চিত করতে পারে না, যেটিতে তারা যোগ্যতার ভিত্তিতে খেলার অধিকার অর্জন করেছে"।