স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৬, ০৪:১০ পিএম
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফার এই টুর্নামেন্ট দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা। তবে এবারের আসরের বেশ আগে থেকেই আলোচনা-সমালোচনা চলছে টিকেটের উচ্চ মূল্য নিয়ে। দর্শকদের অভিযোগ, গলাকাটা দামে টিকেট বিক্রি করছে ফিফা। এবার অভিযোগ জানিয়ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচের জন্য ১০০০ ডলারের বেশি টিকিটের দাম তিনি নিজে দেবেন না। টিকিটের এই আকাশচুম্বী দাম নিয়ে তিনি ফিফার ওপর চাপ সৃষ্টি করেছেন।
নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "আমি টিকিটের এই দামের বিষয়ে জানতাম না। আমি অবশ্যই সেখানে উপস্থিত থাকতে চাই, তবে সত্যি বলতে আমিও এত টাকা দিয়ে টিকিট কিনব না"। জুন মাসে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের টিকিটের দাম নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা এবং আন্তর্জাতিক ফুটবল ফ্যান গ্রুপগুলো ফিফার কঠোর সমালোচনা করছে। ফুটবল সাপোর্টার্স ইউরোপ এই মূল্য কাঠামোকে 'বিরাট বিশ্বাসঘাতকতা' হিসেবে অভিহিত করেছে।
ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন যে, কম আয়ের মার্কিনিরা- যারা তাঁর বড় ভোটব্যাঙ্ক, তারা হয়তো এই বিশ্বকাপে অংশ নিতে পারবে না। তিনি বলেন, "কুইন্স বা ব্রুকলিনের মানুষ এবং যারা ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসে, তারা যদি যেতে না পারে তবে আমি হতাশ হব। যারা আমাকে ভোট দিয়েছে, আমি চাই তারা যেন মাঠে যেতে পারে"। উল্লেখ্য, ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে এই বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার কৃতিত্ব নিজের বলে দাবি করেন।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও টিকিটের দাম নিয়ে ইনফান্তিনো নিজের অবস্থানে অনড়। তিনি যুক্তি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী টিকিটের পুনঃবিক্রয় অনুমোদিত হওয়ায় ফিফা এর সুযোগ নিতে বাধ্য। তিনি আরও জানান, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের চাহিদা অনেক বেশি এবং গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিটের দাম ৩০০ ডলারের নিচে রাখা হয়েছে।
ফ্যান গ্রুপগুলো ২০২২ কাতার বিশ্বকাপের সাথে এই আসরের টিকিটের দামের তুলনা করেছে। ২০২২ সালের ফাইনাল ম্যাচের সবচেয়ে দামি টিকিটের দাম ছিল প্রায় ১,৬০০ ডলার, যেখানে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম ধরা হয়েছে প্রায় ১১,০০০ ডলার।