স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৬, ০২:৪৯ পিএম
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ পেয়েছে বড় সংগ্রহের দেখা। অল আউট হওয়ার আগে টাইগাররা করেছে ৪১৩ রান। এরপর ব্যাট করতে নেমেছে পাকিস্তান। টাইগার পেসার নাহিদ রানা ও ইবাদত হোসেন শুরু থেকেই দুর্দান্ত বোলিং করছিলেন। ফলে বেশ কয়েকবারই বিপাকে পড়তে হয়েছে দুই পাকিস্তানি ওপেনারকে। অষ্টম ওভারে উইকেট পাওয়ার দারুণ এক সুযোগও পেয়েছিল বাংলাদেশ। তবে স্লিপে থাকা মাহমুদুল হাসান জয় সে সুযোগ লুফে নিতে পারেননি। ফলে উইকেট মিসের হতাশা নিয়েই চা বিরতিতে যেতে হয়েছে স্বাগতিকদের।
সপ্তম ওভারে বোলিং করতে এসে দারুণ এক বাউন্সারে পাকিস্তানি ওপেনার আযানকে কুপোকাত করেছিলেন রানা। ১৪০.৯ কিমি গতির ডেলিভারিটি লাগে আযানের হেলমেটে। পরে এই ওপেনারের কনকাশন টেস্ট নেওয়ার পরই শুরু হয় খেলা।
এরপরের ওভারেই ইবাদত হোসেনের এক বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ইমাম উল হক। তবে লাফ দিয়ে ধরতে গিয়েও এক হাতে বল নিজের কাছে রাখতে পারেননি জয়। ফলে জীবন পান পাকিস্তানি ওপেনার।
জীবন পাওয়ার পর নাহিদ রানার আরেক ওভারে লেগ বিফোর উইকেটের শিকার হয়েছিলেন ইমাম। আম্পায়ার আঙুল তুলে বিদায়ও জানিয়েছিলেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।
বাংলাদেশি পেসারদের দুর্দান্ত বোলিংয়ের পরও প্রথম দশ ওভারে ভালোই খেলেছেন পাকিস্তানের দুই ওপেনার। চা বিরতিতে যাওয়ার আগে দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেছেন ১০ ওভারে ৫০ রান।