images

স্পোর্টস / ফুটবল

রিয়ালকে হারিয়ে শিরোপা জেতার আনন্দই আলাদা: রাফিনহা

স্পোর্টস ডেস্ক

০৭ মে ২০২৬, ০৯:৩৮ এএম

এল ক্লাসিকোর উত্তেজনা যখন তুঙ্গে, তখন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা নিজের ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর কথা বললেন। স্প্যানিশ মিডিয়ার গুঞ্জন আর ক্লাবের অভ্যন্তরীণ চাপের মধ্যে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, তাকে এখানে আর রাখতে চায় না অনেকে।

ইএসপিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাফিনহা বলেন, “আমি বার্সেলোনায় আসার প্রথম দিন থেকেই শুনে আসছি যে আমাকে ক্লাব ছেড়ে চলে যেতে হবে। মনে হয়, এখানকার অনেকে, বিশেষ করে সংবাদমাধ্যমের একটা অংশ, আমাকে দেখতে পছন্দ করে না।” তিনি আরও অভিযোগ করেন যে, একজন সাংবাদিক নিয়মিত মিথ্যা খবর ছড়াচ্ছেন।

রাফিনহা বিশেষ করে একজন সাংবাদিকের উল্লেখ করে বলেন, “তিনি লিখেছেন যে আমি ক্লাবের সঙ্গে মিটিং করে ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় আছি। এটা সম্পূর্ণ মিথ্যা। তার লেখা প্রায় সব খবরই ভিত্তিহীন।”

সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যমে জোর গুঞ্জন চলছে যে, আসন্ন দলবদলের মৌসুমে বার্সেলোনা আর্থিক সংকট মেটাতে রাফিনহাকে বিক্রি করে দিতে পারে। ক্লাবের লক্ষ্য অন্তত ১০০ মিলিয়ন ইউরো তোলা। তবে কোচিং স্টাফ ও টেকনিক্যাল টিমের কাছে ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনও অপরিহার্য বলে বিবেচিত।

বার্সায় এটি রাফিনহার চতুর্থ মৌসুম। গত মৌসুমে তিনি ৫৭ ম্যাচে ৩৪ গোল ও ২২ অ্যাসিস্ট করে দলের সেরা পারফর্মার হয়েছিলেন। চলতি মৌসুমেও তার ফর্ম অব্যাহত ৩১ ম্যাচে ইতিমধ্যে ১৯ গোল ও ৭ অ্যাসিস্ট। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ‘হেক্সা’ জয়ের অন্যতম প্রধান ভরসা হিসেবেও তাকে দেখা হচ্ছে।

আগামী রোববার (১০ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচ নিয়ে রাফিনহা উচ্ছ্বসিত। তিনি বলেন, 'রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা জেতার আনন্দই আলাদা। যদি তাদের বিপক্ষে জিতেই চ্যাম্পিয়ন হওয়া যায়, তাহলে সেটাই সবচেয়ে সুন্দর হবে।'