স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৬, ০৮:৩৬ এএম
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসর শেষ হতে না হতেই উইজডেনের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’-এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নাহিদ রানা। অল্প কয়েক ম্যাচেই গতি আর নিয়ন্ত্রণের মিশেলে ক্রিকেটবিশ্বের নজর কেড়ে নিয়েছেন এই তরুণ পেসার। শুধু ব্যক্তিগত সাফল্য নয়, তার দল পেশোয়ার জালমির শিরোপা জয়ও তার গল্পকে আরও রঙিন করে তুলেছে।
পিএসএলের এবারের আসরে ছয়জন বাংলাদেশি ক্রিকেটার দলে সুযোগ পেলেও তানজিদ হাসান তামিম ছাড়া বাকিরা মাঠে নেমেছেন। তবে সবাইকে ছাপিয়ে গেছেন নাহিদ। সবচেয়ে বেশি ম্যাচ খেলার পাশাপাশি পারফরম্যান্সেও ছিলেন সবার আগে। মাত্র পাঁচ ম্যাচে তিনি শিকার করেছেন ৯ উইকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে তার ইকোনমি রেট ছিল মাত্র ৫.৪৪, যা খুবই প্রশংসনীয়।
লিগ পর্ব শেষে জাতীয় দলের ডাকে দেশে ফিরে যান নাহিদ। কিন্তু ফাইনালের আগে পেশোয়ার জালমির অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি নিয়ে আবার দলে যোগ দেন। আর ফাইনালে নিজের সামর্থ্যের পূর্ণ প্রমাণ দেন তিনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে দলকে দারুণ শুরু এনে দেন। সেই ম্যাচে তিনি ছুড়েছেন সর্বোচ্চ ১৫টি ডট বল, যা ম্যাচের গতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিল।
উইজডেন তাদের মূল্যায়নে লিখেছে, গতি ও ধারাবাহিকতার মাধ্যমে অল্প সময়েই নিজেকে আলাদা করে ফেলেছেন নাহিদ রানা। এই পারফরম্যান্স তাকে ভবিষ্যতে বড় মঞ্চে আরও উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরবে বলে মনে করছে তারা।
এবারের টুর্নামেন্টের ওয়াইজডেন একাদশের অধিনায়ক হয়েছেন পাকিস্তানের বাবর আজম। তিনি ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। একাদশে আরও জায়গা পেয়েছেন কুশল মেন্ডিস, অ্যারন হার্ডি ও শাদাব খানের মতো তারকারা।
উইজডেনের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’- বাবর আজম (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, কুশল মেন্ডিস (উইকেটকিপার), শান মাসুদ, উসমান খান, শাদাব খান, অ্যারন হার্ডি, হুনাইন শাহ, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা।