Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

০৬ মে ২০২৬, ০৮:৩৬ এএম

অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। প্রথম লেগ ১-১ ড্র হওয়ায়, দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল মিকেল আর্তেতার দল।
 
দীর্ঘ দুই দশকের অপেক্ষা শেষে ফাইনালে বুকায়ো সাকারা।  অন্যদিকে ১০ বছর পর পাওয়া সুযোগ হাতছাড়া হলো অ্যাতলেতিকো মাদ্রিদের।

মঙ্গলবার (৫ মে) রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেতিকোর বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল।

ম্যাচের একমাত্র ও নির্ধারণী গোলটি আসে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৫ মিনিটে)। লেওঁদ্রো ট্রসার্ডের শট অ্যাঅ্যাতলেতিকো গোলরক্ষক জান ওব্লাক ফিরিয়ে দিলেও রিবাউন্ডে সঠিক সময়ে উপস্থিত ছিলেন বুকায়ো সাকা। ঠাণ্ডা মাথায় জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন ইংলিশ এই উইঙ্গার।

এরপর ম্যাচের বাকি সময়জুড়ে রক্ষণভাগে দৃঢ়তা দেখায় আর্সেনাল। ঘরের মাঠে এই নকআউট পর্বে টানা তৃতীয়বার ক্লিন শিট ধরে রাখে তারা। পুরো চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে (লিগ পর্বসহ) মাত্র চারটি গোল হজম করেছে গানাররা। যা টুর্নামেন্টে অন্যতম সেরা রক্ষণাত্মক পরিসংখ্যান।
 
দীর্ঘদিন পর ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে উঠল আর্সেনাল। সর্বশেষ ২০০৬ সালে তারা ফাইনালে খেলেছিল, যেখানে বার্সেলোনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় লন্ডনের ক্লাবটির। এবার ইতিহাস বদলানোর সামনে তারা।
 
ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্যকার সেমিফাইনালের ফলাফলের ওপর। প্রথম লেগে রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে বুধবার মিউনিখে।

এআরএম