images

স্পোর্টস / ক্রিকেট

পাকিস্তান সিরিজ দিয়ে শেষ হচ্ছে সালাউদ্দিন অধ্যায়

স্পোর্টস ডেস্ক

০৫ মে ২০২৬, ০৩:১০ পিএম

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শেষ হলেই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন। এরপর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের প্রধান কোচ হিসেবে নতুন দায়িত্ব নেবেন।

এই পরিবর্তন হঠাৎ করে নয়। বিসিবি অনেকদিন ধরেই তাকে এইচপিতে নিয়ে আসার কথা ভাবছিল। সালাহউদ্দিন নিজেও মনে করেন, এই মুহূর্তে জাতীয় দলের চেয়ে ভবিষ্যতের ক্রিকেটারদের গড়ে তোলার কাজে তার অবদান বেশি কার্যকর হবে। বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে আলোচনা করেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সালাহউদ্দিন বলেন, “এইচপিতে যারা থাকবে, তাদের শুধু খেলা শেখালেই চলবে না। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ মানে পৌঁছানোর জন্য তাদের ক্রিকেটীয় চিন্তাভাবনা এবং জীবনযাপনের ধরনও উন্নত করতে হবে।”

তরুণ ক্রিকেটারদের নিয়ে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বিশ্বাস করেন, এই জায়গাটা তাঁর জন্য সবচেয়ে উপযুক্ত। “তরুণদের নিয়ে এ ধরনের কাজ আমি আগেও করেছি। তাই মনে হয়েছে, ভবিষ্যতের ক্রিকেটার তৈরির কাজটাই আমি ভালো করতে পারব। বিসিবিও সেভাবে চিন্তা করেছে,” যোগ করেন তিনি।

জাতীয় দলের সঙ্গে কাজ করার সময় সালাহউদ্দিন বাংলাদেশ ক্রিকেটের বড় একটি দুর্বলতা স্পষ্টভাবে দেখতে পেয়েছেন। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) নিচের দিকে ব্যাটিং করতে পারেন এবং বোলিংয়েও অবদান রাখতে পারেন এমন অলরাউন্ডারের বড় অভাব। 

তিনি বলেন, “জাতীয় দলের প্রয়োজনটা এখন আমি আরও ভালোভাবে বুঝতে পারছি। সাদা বলে আমাদের এমন একজন অলরাউন্ডার দরকার, যিনি বোলিংয়ের পাশাপাশি ৭-৮ নম্বরে নেমে দলকে নির্ভরতা দিতে পারবেন। এই ঘাটতিটা আমাদের দীর্ঘদিন ধরে রয়ে গেছে। এইচপিতে শুরু থেকেই আমি এ ধরনের ক্রিকেটার তৈরির দিকে বিশেষ নজর দেব।”

বিসিবি এখন ক্রিকেট উন্নয়নের কাঠামোতেও বড় পরিবর্তন আনছে। অনূর্ধ্ব-১৯ থেকে সরাসরি জাতীয় দলে ওঠার মাঝে ব্যবধান কমাতে অনূর্ধ্ব-২৩ দল গঠনের পরিকল্পনা চলছে। এই দলটি অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের মাঝে সেতু হিসেবে কাজ করবে। 

এইচপিকে শুধু কয়েক মাসের ক্যাম্পে সীমাবদ্ধ না রেখে সারা বছর ধরে চালানোর পরিকল্পনা করা হচ্ছে। সালাহউদ্দিনের ভাবনা, ক্রিকেটার তৈরি করতে হলে ধারাবাহিক কাজই সবচেয়ে জরুরি। এখানে জাতীয় দলের খেলোয়াড়রাও প্রয়োজনে বিশেষ দক্ষতা উন্নয়নের জন্য আসতে পারবেন।

২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন সালাহউদ্দিন। তার সঙ্গে বিসিবির চুক্তি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। দায়িত্ব বদল হলেও চুক্তির মেয়াদ একই থাকছে। বর্তমান এইচপি প্রধান কোচ ডেভিড হেম্পকে অন্য দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের।