images

স্পোর্টস / ফুটবল

এমিরেটসের রাত কার? আর্সেনাল নাকি আতলেতিকোর

স্পোর্টস ডেস্ক

০৫ মে ২০২৬, ০১:৩০ পিএম

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হচ্ছে। দুই দলের সামনেই একই মন্ত্র জিততেই হবে। গত সপ্তাহে মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিতানোয় প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় ফিরতি ম্যাচে কোনো দলেরই ড্রয়ের অপশন নেই।

দুই দলই এখনো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা স্পর্শ করতে পারেনি। এবার সেই অভিশাপ ঘোচানোর সুবর্ণ সুযোগ। তাই রক্ষণের খোলস ছেড়ে আক্রমণাত্মক ফুটবল খেলার প্রস্তুতি নিয়েছে দুই কোচই।

চোট কাটিয়ে দলে ফিরেছেন ইংলিশ তরুণ তারকা বুকায়ো সাকা। তার গতি, দক্ষতা ও গোল করার সামর্থ্য আর্সেনালকে আজ বিশেষ শক্তি জোগাবে। কোচ মিকেল আর্তেতা শুরু থেকেই দলকে ঝাঁজাল আক্রমণের নির্দেশ দিয়েছেন। পেনাল্টির ওপর নির্ভর না করে খোলাখুলি ফুটবল খেলতে চান তিনি। মাঝমাঠে সাকার সঙ্গে ইয়োকেরেশ মিলে গানারদের আক্রমণের নেতৃত্ব দেবেন।

প্রথম লেগে দুটি গোলই পেনাল্টি থেকে হয়েছে। দ্বিতীয় পেনাল্টি না পাওয়ায় আর্তেতা বেশ ক্ষুব্ধ হয়েছিলেন। আজ নিজেদের মাঠে সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি।

এদিকে আতলেতিকোর হয়ে বড় ভূমিকা রাখতে পারেন হুলিয়ান আলভারেজ। ম্যানচেস্টার সিটিতে থাকাকালীন আর্সেনালের বিরুদ্ধে একাধিকবার জয়ের নায়ক হয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার পাশে ‘ফলস নাইন’ হিসেবে খেলবেন অভিজ্ঞ আঁতোয়া গ্রিজমান। দুজনের বুদ্ধিদীপ্ত খেলায় আতলেতিকো আর্সেনালের রক্ষণভাগকে ব্যস্ত রাখবে বলে আশা করা হচ্ছে।

এই দুই দলের জন্য এটি শুধু একটি ম্যাচ নয়, স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই। আর্সেনাল দীর্ঘদিন ধরে ইউরোপসেরা হওয়ার অপেক্ষায়। অন্যদিকে আতলেতিকোও ডিয়েগো সিমিওনের নেতৃত্বে একাধিকবার শেষ চারে পৌঁছেছে, কিন্তু শিরোপা ধরা দেয়নি। আজ যারা জিতবে, তারা ফাইনালের টিকিট পাবে এবং ইতিহাস গড়ার আরেক ধাপ এগিয়ে যাবে।

এসটি